বিদেশে পাচারের মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের এজেন্ট হিসেবে কাজ করা উৎপল পাল এবং বালাদেশে তার (জাবেদ) সম্পদ দেখাশোনার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল আজিজকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইব্রাহীম খলিল আদালত শুনানি শেষে এই আদেশ দেন। রিমান্ড মঞ্জুর হওয়া আসামিরা হলেন, আরামিট থাই অ্যালুমিনিয়াম লিমিটেড এজিএম আব্দুল আজিজ ও আরামিট পিএলসি’র এজিএম উৎপল পাল। বুধবার (১৭ সেপ্টেম্বর) তাদের গ্রেপ্তার করা হয়েছিল। বিষটি নিশ্চিত করেছেন দুদকের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোকাররম হোসাইন।
আদালত সূত্র জানায়, গ্রেপ্তার মো. আব্দুল আজিজ দুদকের দায়ের করা মামলায় এজাহারভুক্ত আসামি। আর আরামিট পিএলসির এজিএম উৎপল পাল সাইফুজ্জামান চৌধুরীর বিদেশের সম্পদ অর্জন ও দেখাশোনার দায়িত্বপ্রাপ্ত কর্মচারী। তিনি (উৎপল) বাংলাদেশ থেকে দুবাই ও দুবাই থেকে যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে অর্থপাচার প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ অংশ। আরামিট পিএলসির কর্মচারী হলেও সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে কাজ করেছেন উৎপল পাল। তার কাছ থেকে জব্দ করা ২টি ল্যাপটপ ও ২টি মোবাইল থেকে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে দুদক। জব্দকৃত আলামত ফরেনসিক পরীক্ষার জন্য আদালতের অনুমতি চাওয়া হয়েছে।
