আফগানিস্তানে সফরে মামুনুল হকসহ ৬ আলেম

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৮ পিএম

রাষ্ট্রীয় আমন্ত্রণে বাংলাদেশের ছয়জন বিশিষ্ট আলেমের একটি প্রতিনিধি দল আফগানিস্তান সফরে গেছেন। 

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে তারা দেশটির রাজধানী কাবুলে পৌঁছান—এ তথ্য বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) জানিয়েছেন দলের প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্বয়ক হাসান জুনাইদ।

প্রতিনিধি দল ইমারাতে ইসলামিয়া (তালেবান) সরকারের প্রধান বিচারপতি, বিভিন্ন মন্ত্রী, শীর্ষ উলামা ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময়ের পরিকল্পনা করেছেন। 

পশ্চিমা বিশ্বে মানবাধিকার ও নারী অধিকার নিয়ে যে সমালোচনা রয়েছে, সেটির বাস্তব অবস্থা সরাসরি দেখারও কথা রয়েছে তাদের কর্মসূচিতে।

এ সফরে দুই দেশের আলেমদের সম্পর্ক উন্নয়ন, কূটনৈতিক সহযোগিতা জোরদার এবং ব্যবসা-বাণিজ্য, চিকিৎসা ও শিক্ষা খাতে পারস্পরিক সহায়তার বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পাবে। পাশাপাশি সাম্প্রতিক ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনেরও পরিকল্পনা রয়েছে।

প্রতিনিধি দলে রয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মাওলানা আবদুল হামিদ (মধুপুরের পীর), মাওলানা মামুনুল হক, মাওলানা আবদুল আউয়াল, মাওলানা আবদুল হক, মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী, মাওলানা মনির হোসাইন কাসেমী এবং মাওলানা মাহবুবুর রহমান।

এর আগে ১৪ সেপ্টেম্বর প্রতিনিধি দল পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যান। সেখানে তারা ওমরাহ আদায় করেন এবং আগামী ১৫ নভেম্বর বাংলাদেশে অনুষ্ঠেয় খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার লক্ষ্যে মক্কার প্রবাসীদের সঙ্গে এক বৈঠক করেন। ওমরাহ শেষে বুধবার সকালে দুবাই হয়ে তারা কাবুলে পৌঁছান।

প্রতিনিধি দলের আফগানিস্তান সফর শেষে মধ্য এশিয়ার আরও কয়েকটি দেশ সফরেরও পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত