গুরুদাসপুরে আইনশৃঙ্খলা সভায় ওসির বিরুদ্ধে অভিযোগের পাহাড়

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২১ পিএম

নাটোরের গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসমাউল হকের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ উঠেছে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায়। অভিযোগের প্রেক্ষিতে সভায় উপস্থিত অনেকেই তার বিরুদ্ধে অনাস্থা জানিয়ে প্রত্যাহারের দাবি তুলেছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ অভিযোগ উঠে আসে।

নারী সদস্য অঞ্জলী আফছারী অভিযোগ করেন, থানায় গিয়ে সাধারণ মানুষ, বিশেষ করে ভুক্তভোগী নারীরা ওসির সঙ্গে সরাসরি দেখা করতে পারছেন না। দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা তাদের ফিরিয়ে দিচ্ছেন। ফলে সমস্যা সমাধানে মানুষ বাধ্য হয়ে ইউএনওর শরণাপন্ন হচ্ছেন।

সাংবাদিক প্রতিনিধিরা জানান, সংবাদসংক্রান্ত তথ্য পেতে ওসির সঙ্গে যোগাযোগ সম্ভব হচ্ছে না। দিল মোহাম্মদ, আলী আক্কাছ ও রাশিদুল ইসলামসহ সাংবাদিকরা অভিযোগ করেন, একই এলাকায় এক মাসের ব্যবধানে ১৯টি ট্রান্সফরমার চুরি হলেও পুলিশ চোরচক্র শনাক্ত করতে পারেনি। তাদের মতে, চুরি, মাদকসহ আইনশৃঙ্খলার অবনতির ক্ষেত্রে ওসি কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছেন।

সাবেক উপজেলা জামায়াত আমির আব্দুল খালেক বলেন, ওসি আসমাউল হক রাজনৈতিক নেতা থেকে শুরু করে সাধারণ মানুষের প্রতিও অসৌজন্যমূলক আচরণ করছেন। দায়িত্ব পালনের সময় জনগণের সেবক হিসেবে কাজ না করে বরং প্রভাব খাটাচ্ছেন বলে তিনি অভিযোগ করেন।

এছাড়া সাংবাদিকরা স্মরণ করিয়ে দেন, সিংড়ায় দায়িত্ব পালনকালে তথ্য চাওয়ায় এক সাংবাদিককে মিথ্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছিলেন এই ওসি। আন্দোলনের মুখে সেখান থেকে বদলি হয়ে গুরুদাসপুরে এলেও একই ধরনের আচরণ অব্যাহত রেখেছেন।

সভাপতি ইউএনও ফাহমিদা আফরোজ বলেন, তিনিও ব্যক্তিগতভাবে ওসির অসৌজন্যমূলক আচরণের শিকার হয়েছেন। মোবাইল কোর্ট পরিচালনার সময় প্রয়োজনীয় সহযোগিতা পাওয়া যায় না। এমনকি নৌকা বাইচ প্রতিযোগিতার মতো বড় আয়োজনেও সচিব, ডিআইজি ও ডিসি উপস্থিত থাকা সত্ত্বেও প্রত্যাশিত সহযোগিতা দেননি ওসি। এতে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের মধ্যে অস্বস্তিকর দূরত্ব তৈরি হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তবে অভিযোগের জবাবে ওসি আসমাউল হক দেশ রুপান্তরকে বলেন, পুলিশের ভাবমূর্তি রক্ষার জন্য তিনি কঠোর অবস্থান নিয়েছেন। তার কর্মকাণ্ড ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত