কক্সবাজারে ইউসিবির কৃষি উদ্যোক্তা সমাবেশ

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৬ এএম

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) আয়োজনে ‘কৃষি উদ্যোক্তা সমাবেশ ও দক্ষতা উন্নয়ন’ শীর্ষক অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার কক্সবাজারে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি বলেন,

‘কৃষিঋণ শুধু কৃষকদের উৎপাদন বাড়ায় না, এটি গ্রামীণ উন্নয়ন ও ঋণগ্রহীতাদের জীবনযাত্রার মান উন্নয়নের অন্যতম কার্যকর সমাধান। বাংলাদেশ যতটুকু এগিয়েছে, কৃষির হাত ধরেই এগিয়েছে। ভবিষ্যৎ বাংলাদেশের উন্নতি হতে পারে কৃষির মাধ্যমেই।’ দিনব্যাপী এ অনুষ্ঠানে জেলার প্রায় ৩০০ কৃষি উদ্যোক্তা অংশ নেন। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে গভর্নর বলেন, ‘কৃষি শুধু কৃষকের জীবিকা নয়, এটি পুরো জাতির খাদ্য নিরাপত্তা ও অর্থনীতির মেরুদ-। তাই কৃষি উদ্যোক্তাদের সহায়তা ও সহজ শর্তে ঋণপ্রাপ্তি নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। আমরা চাই প্রকৃত কৃষকের হাতে কৃষিঋণ পৌঁছাক, ব্যাংকিং সেবা সহজ হোক এবং ডিজিটাল ব্যাংকিংয়ের মাধ্যমে কৃষকরা আরও সুবিধা পান।’ ড. মনসুর সতর্ক করে দিয়ে বলেন, কৃষকদের পর্যাপ্ত সহায়তা না দিলে কৃষিপণ্য উৎপাদন ও বাজার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হবে। তাই কৃষি উদ্যোক্তাদের জন্য পর্যাপ্ত সহায়তা ও ঋণপ্রাপ্তি নিশ্চিত করা জরুরি, যা গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করবে। তিনি ইউসিবির এ ধরনের উদ্যোগের প্রশংসা করেন।

সকাল থেকেই অনুষ্ঠানস্থল ভরে উঠেছিল প্রাণচাঞ্চল্যে। জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে আসা উদ্যোক্তারা একে অপরের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করেন, নতুন পরিকল্পনার কথা জানান এবং বিশেষজ্ঞদের কাছ থেকে দিকনির্দেশনা গ্রহণ করেন। কৃষিকে কেন্দ্র করে জ্ঞান, অভিজ্ঞতা ও ভবিষ্যৎ সম্ভাবনার আলোচনায় মুখর ছিল পুরো আয়োজন।

অনুষ্ঠানের বিশেষ অতিথি ইউসিবির চেয়ারম্যান শরীফ জহীর বলেন, ‘আমরা দেশের সমৃদ্ধ ভবিষ্যতের জন্য কৃষির টেকসই উন্নয়ন ও কৃষি উদ্যোক্তাদের স্বাবলম্বী করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের বিশ্বাস, এই ধরনের প্রশিক্ষণ কর্মসূচি কৃষি উদ্যোক্তাদের আর্থিক সক্ষমতা বাড়াতে সাহায্য করবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত