বগুড়ার শিবগঞ্জ উপজেলায় আলুবোঝাই দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে পাথর বোঝাই ট্রাক ধাক্কা দিলে চালক ও হেলপার নিহত হয়েছেন। শনিবার (২০ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার রংপুর-বগুড়া মহাসড়কের দেউলী ইউনিয়নের পাকুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুপুরে কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
নিহত দুজন হলেন- পাথর বোঝাই ট্রাকের চালক টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার পাতালকান্দী গ্রামের মিনহাজ (৩৫) এবং হেলপার ইমরান (৩০)।
হাইওয়ে পুলিশ সুত্রে জানা যায়, রংপুরগামী একটি আলুবোঝাই ট্রাক (ঢাকা-মেট্রো-ট-২৪-৬৪৩৯) পাকুরতলায় দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন থেকে পাথরবোঝাই ট্রাক (চট্ট-মেট্রো-ট-১২-০৫৪৬) ধাক্কা দিলে চালক মিনহাজ ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় হেলপার ইমরানকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, আলু বোঝাই দাঁড়িয়ে থাকা ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় পাথর বোঝাই ট্রাক। তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
