দিনাজপুরে বিরামপুর চাঁদপুর ফাজিল (স্নাতক) মাদরাসায় পরীক্ষা খাতা জমা দেয়া ইস্যুকে কেন্দ্র করে এক শিক্ষককে লাঞ্চিতের অভিযোগ উঠেছে ওই মাদরাসার বাংলা প্রভাষক ও তার স্বামীর বিরুদ্ধে। শনিবার (২০ সেপ্টেম্বর) বিষয়টি জানাজানি হয়। এঘটনায় সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করেছেন ভুক্তভোগী।
অভিযোগ জানা গেছে, ১৭ সেপ্টেম্বর দুপুরে উক্ত মাদরাসায় আলিম ১ম বর্ষ সমাপণী পরীক্ষার পরীক্ষা নিয়ন্ত্রক ও পদার্থবিজ্ঞান বিষয়ের প্রভাষক এ এস এম আশরাফুল আলম বাংলা খাতা ও নম্বরপত্র দ্রুত জমা তাগিদ দেওয়ায় প্রভাষক মেফতাহুন নাহার তাকে অকথ্যভাষায় গালি ও শারীরিক নির্যাতন করে। খবর পেয়ে বাংলা বিষয়ের প্রভাষক মেফতাহুন নাহারের স্বামী মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিজানুর রহমান মাদরাসার শিক্ষক কমনরুমে এসে দ্বিতীয় দফায় মারধর করে। শিক্ষকরা বাধা দিতে গেলে তারা আক্রান্ত হয়।
এ বিষয়ে বিরামপুর চাঁদপুর ফাজিল (স্নাতক) মাদরাসার অধ্যক্ষ আ.ছ.ম হুমায়ুন কবীর বলেন, অভিযুক্ত বাংলা প্রভাষক মেফতাহুন নাহার আগেও একাধিক বার অনেকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন। তাকে একাধিকবার শিক্ষকসুলভ আচরন বজায় রাখার জন্য বলা হয়েছে। তবে এবার প্রকাশ্যে দিবালকে প্রভাষক এ এস এম আশরাফুল আলমকে অভিযুক্ত প্রভাষক ও তার স্বামী মারধর করায় শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা ফুসে উঠেছেন।
