আইএইএকে আর সহযোগিতা না করার হুমকি ইরানের

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১২ পিএম

জাতিসংঘ কর্তৃক পুরনো নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হলে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) এর সঙ্গে সব ধরনের সহযোগিতা বন্ধ করে দেবে ইরান। শনিবার দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দেওয়া হয়।

বিবৃতিতে বলা হয়, নিষেধাজ্ঞা ফিরে এলে তেহরান আইএইএ-এর সঙ্গে তাদের চলমান কার্যক্রম আর চালিয়ে যাবে না। এর আগে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি ইরানের বিরুদ্ধে ২০১৫ সালের বহুপাক্ষিক পরমাণু চুক্তির শর্ত লঙ্ঘনের অভিযোগ তোলে। ইরানকে পরমাণু অস্ত্র নির্মাণ থেকে বিরত রাখাই ছিল এ চুক্তির মূল লক্ষ্য। এ অভিযোগের প্রেক্ষিতে তারা জাতিসংঘে নিষেধাজ্ঞা পুনর্বহালের প্রক্রিয়া শুরু করে।

অন্যদিকে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ‘স্ন্যাপব্যাক’ প্রক্রিয়ায় পুরনো নিষেধাজ্ঞা ফিরিয়ে আনলেও তার দেশ তা মোকাবিলা করার সামর্থ্য রাখে। নিরাপত্তা পরিষদ ইরানের ওপর থেকে স্থায়ীভাবে নিষেধাজ্ঞা না তুলে নেওয়ার সিদ্ধান্ত দিলে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে  ইরানের প্রেসিডেন্ট বলেন, বাধা দেওয়ার চেষ্টা করা হলেও ইরান নতুন পথ খুঁজে নেবে। তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলার উদাহরণ টেনে বলেন, তারা আমাদের স্থাপনায় আঘাত হেনেছে, কিন্তু আমরা চাইলে সেগুলো আবার গড়ে তুলতে পারি।

পেজেশকিয়ান আরও জোর দিয়ে বলেন, ইরান অযৌক্তিক চাপের কাছে মাথা নত করবে না এবং পরিস্থিতি বদলে দেওয়ার ক্ষমতা তার হাতেই রয়েছে। এর আগে চলতি মাসের শুরুতে ইরান ও আইএইএ যৌথভাবে জানায়, ক্ষতিগ্রস্ত কিছু স্থাপনায় পুনরায় পরিদর্শনের বিষয়ে তারা সমঝোতায় পৌঁছেছে। তবে বিস্তারিত প্রকাশ করা হয়নি।

উল্লেখ্য, ‘স্ন্যাপব্যাক’ প্রক্রিয়া চালু হলে ইরানের ওপর অস্ত্র ও ক্ষেপণাস্ত্র সংক্রান্ত নিষেধাজ্ঞা, ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সীমাবদ্ধতা, বৈশ্বিক সম্পদ জব্দ এবং দেশটির ব্যক্তি ও প্রতিষ্ঠানের ভ্রমণ নিষেধাজ্ঞা পুনর্বহাল হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত