এশিয়া কাপে হংকংয়ের চেয়েও বেশি ক্যাচ ফেলেছে ভারত

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৭ পিএম

এশিয়া কাপের প্রতিটি ম্যাচে ভারত যতই দাপট দেখাক না কেন, তাদের ফিল্ডিং হচ্ছে যাচ্ছেতাই। গতকাল সুপার ফোরে বাংলাদেশকে তারা ৪১ রানে হারালেও ক্যাচ ফেলেছে ৫টি! তাই ব্যাটিং ও বোলিংয়ে ভালো করলেও দলের সবচেয়ে বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ফিল্ডিং। ক্যাচ মিসের প্রতিযোগিতায় তারা ছাড়িয়ে গেছে দুর্বল দল হংকংকে।

গতকাল বুধবার পর্যন্ত ভারতীয় ফিল্ডাররা মোট ১২টি ক্যাচ ফেলেছে, যা এবারের আসরে সব দল মিলিয়ে সর্বাধিক। ভারতের ক্যাচ ধরার দক্ষতা এখন মাত্র ৬৭.৫ শতাংশ, যা টুর্নামেন্টে দ্বিতীয় সর্বনিম্ন। সবচেয়ে খারাপ হংকংয়ের – ৫২.১ শতাংশ। গতকাল শুধু সাইফ হাসানকেই যথাক্রমে ৪০, ৬০, ৬৫ ও ৬৯ রানে জীবন দিয়েছেন ভারতের ফিল্ডাররা। এর আগে এমন অভিজ্ঞতা হয়েছিল জেসন রয়, মোহাম্মদ হাফিজ ও পাথুম নিসাঙ্কার।

ম্যাচ শেষে ভারতীয় স্পিনার বরুণ চক্রবর্তীও স্বীকার করেন যে ফিল্ডিংই এখন দলের সবচেয়ে বড় দুর্বলতা, ‘এই দলকে বিশ্বকাপ পর্যন্ত মিশনের জন্য প্রস্তুত করা হচ্ছে। ফিল্ডিংয়ে আমাদের উন্নতি করতেই হবে। ফিল্ডিং কোচ আগের ম্যাচে তিনি তেমন কিছু বলেননি, কিন্তু আজকের পর অনেক কিছু বলবেন। এখানকার রিং অব ফায়ার (ফ্লাডলাইটের অতি আলো) এবং অতিরিক্ত আর্দ্রতা অনেক সময় চোখে প্রভাব ফেলে। তবুও এটা কোনো অজুহাত হতে পারে না। এই পর্যায়ে এসে আমাদের প্রতিটি ক্যাচ ধরতেই হবে।’

এশিয়া কাপে মিসড ক্যাচের তালিকা (২০২৫):

ভারত – ১২ (ক্যাচিং দক্ষতা ৬৭.৫%)

হংকং চায়না – ১১ (৫২.১%)

বাংলাদেশ – ৮ (৭৪.১%)

শ্রীলঙ্কা – ৬ (৬৮.৪%)

আফগানিস্তান – ৪ (৭৬.৪%)

ওমান – ৪ (৭৬.৪%)

পাকিস্তান – ৩ (৮৬.৩%)

সংযুক্ত আরব আমিরাত – ২ (৮৫.৭%)

×
সর্বশেষ সর্বাধিক পঠিত