ইসরায়েলের ড্রোন হামলা

গাজামুখী নৌবহর রক্ষায় যুদ্ধজাহাজ পাঠাতে রাজি ইতালি-স্পেন

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৬ পিএম

মানবিক সাহায্য নিয়ে গাজার দিকে ছুটছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা (জিএসএফ)। বারবার সেই নৌবহরের ওপর ড্রোন হামলার ঘটনা ঘটছে। জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে এবার নৌবাহিনী পাঠাচ্ছে ভূমধ্যসাগরের দেশ ইতালি এবং স্পেন।

জিএসএফ প্রায় ৫০টি বেসামরিক জাহাজ নিয়ে এগোচ্ছিল। গত বুধবার রাতে বলা হয়, ইসরায়েলি ড্রোন ও বিমান তাদের জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়েছে। যাত্রীরা জানান, নিচু উড়ন্ত ড্রোনগুলো তাদের নৌকাগুলোর কাছাকাছি এবং উপরে ফ্ল্যাশব্যাংয়ের মতো বিস্ফোরক এবং অন্যান্য ‘অজ্ঞাত বস্তু’ ফেলে দেয়। এছাড়াও ইচ্ছাকৃতভাবে রেডিও জ্যামিংয়ের কারণে জাহাজগুলোর মধ্যে যোগাযোগে ব্যাপক বাধা সৃষ্টি করে।

তবে হামলার খবর প্রকাশ্যে আসতেই স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেন, তার দেশের নৌবাহিনী ইতালির সঙ্গে যোগ দিয়ে ফ্লোটিলাকে সুরক্ষা দিতে যুদ্ধজাহাজ পাঠাবে। বুধবার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক আইন অবশ্যই মানতে হবে এবং এই সাহায্য মিশনে অংশ নেওয়া ৪৫টি দেশের নাগরিকদের ভূমধ্যসাগরে নিরাপদে চলাচলের পূর্ণ অধিকার রয়েছে। খবর আল জাজিরার।

সানচেজ আরও বলেন, আগামীকাল বৃহস্পতিবার আমরা কার্টাহেনা থেকে একটি নৌ জাহাজ পাঠাব, যার কাছে ফ্লোটিলাকে সহায়তা করার বা উদ্ধার অভিযান পরিচালনার সমস্ত সরঞ্জাম থাকবে।

এদিকে ইতালির নৌবাহিনী জানিয়েছে তারা ফ্লোটিলার যেকোনো সম্ভাব্য উদ্ধার অভিযানে সহায়তার জন্য একটি ফ্রিগেট পাঠাচ্ছে। প্রতিরক্ষামন্ত্রী গুইডো ক্রোসেটো আগের রাতের হামলার তীব্র নিন্দা করেছেন। তিনি বলেন, আমরা একটি জাহাজ পাঠিয়েছি এবং অন্যটি যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে। ফ্লোটিলায় ইতালির বামপন্থী বিরোধী দলের দুজন আইনপ্রণেতাও রয়েছেন।

ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি বলেন, ফ্লোটিলায় মানবাধিকার কর্মী, আইনজীবী, সাংবাদিক এবং সুইডিশ জলবায়ু প্রচারক গ্রেটা থুনবার্গের পাশাপাশি ইতালির নাগরিক, আইনপ্রণেতা এবং ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরাও রয়েছেন।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা ইতোমধ্যে ইসরায়েলি কর্তৃপক্ষকে জানিয়েছে। তারা বলেছে, তাদের যেকোনো অভিযান আন্তর্জাতিক আইন এবং সম্পূর্ণ সতর্কতার নীতি মেনে পরিচালিত হতে হবে। এক বিবৃতিতে জিএসএফ বলেছে, ইসরায়েলের ভয় দেখাবার কৌশল বারবার ব্যবহার করার চেষ্টা কাজ করবে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত