জুলাই সনদ ঘোষণা ও জুলাই গণহত্যার বিচারসহ আগামী নির্বাচনে আনুপাতিক প্রতিনিধিত্বের (পিআর) দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ঝিনাইদহ জেলা জামায়াতে ইসলামী।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে পায়রা চত্বর গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে নেতাকর্মীরা।
সমাবেশে হুশিয়ারি দিয়ে বক্তারা জানান, জুলাই সনদ ঘোষণা নিয়ে সরকার গড়িমসি করছে। একটি দল জুলাই সনদ ঠেকাতে ভারতের সুরে কথা বলছে। অবিলম্বে এর ঘোষণা আসতে হবে। কেননা এই সনদের ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে।
তারা জানান, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কোনো দল আর ফ্যাসিস্ট হতে পারবে না। ফ্যাসিবাদ দীর্ঘায়িত করার জন্য শেখ হাসিনা সংবিধানের দোহাই দিয়ে বারবার পাতানো নির্বাচন করেছে। একদলীয় শাসনের জাতাকলে জাতিকে পিষ্ট করেছে আওয়ামী লীগ। দেশের অর্থনীতি ধ্বংস করেছে, ব্যাংক লুটপাট করেছে, বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের গুম-খুন করেছে। জুলাই গণ-অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা গণহত্যা চালিয়েছে। গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত দেশে নির্বাচন হতে দেওয়া হবে না।
জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল আওয়ালের সঞ্চালনায় ও জেলা জামায়াতের আমির অধ্যাপক আলী আজম মোহাম্মদ আবু বকরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুল আলিম, সহকারী সেক্রেটারি মাওলানা তাজুল ইসলাম, সহকারী সেক্রেটারি কাজী সগির আহমদ, শহর শাখা জামায়াতের আমির অ্যাডভোকেট ইসমাইল হোসেন।
