মির্জা ফখরুলকে নিয়ে মেয়ের স্ট্যাটাস

আল্লাহর ওয়াস্তে এখন নিজের জীবনটা নিয়ে ভাবো

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৩ পিএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মেয়ে শামারুহ মির্জা তার বাবার রাজনৈতিক জীবন এবং দলের অভ্যন্তরে বর্তমান পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন- এখন আল্লাহর ওয়াস্তে নিজের জীবনটা নিয়ে ভাবো।

কারাগারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেখা করতে যাওয়ার স্মৃতিচারণ করে সামারুহ মির্জা বলেন, আমি যখন আমার বাবার সাথে জেলখানায় দেখা করতে যেতাম, নিজের কষ্টের কথা কিছু বলত না! শুধু বলত ছেলেগুলোর কথা, কারও নখ তুলে নিয়েছে, কারও শরীরজুড়ে মারের দাগ! কেঁদে ফেলতো আব্বু। আব্বু নিজেকে খুব অপরাধী ভাবত, বলত এই ছেলেগুলো জীবন শেষ করে আন্দোলন করল, বিয়ে করেনি, অনেকে পড়াশোনা ঠিক করে করেনি! ফেরার সময় আম্মুকে বলত, কিছু টাকা দিয়ে যেও! সেই টাকা আব্বু ছেলেগুলো যাতে ভালো খায়, সেখানে খরচ করত!

তিনি লেখেন, পনেরো বছরে গায়ে অনেকের আঁচড় লাগেনি, এখন উড়ে এসে জুড়ে বসে আঙুল ফুলে কলাগাছ হচ্ছে। তুমি এখন কি করবা? কান্নাকাটি করবা, কমপ্লেইন করবা নাকি ব্যাপারটা বুঝে নিজের দিকে তাকাবা?

পোস্টে তিনি লিখেন, আজকে কিছু কথা বলি, ভাই ও বোনেরা, তোমরা যারা গত পনেরো বছরেরও বেশি সময় ধরে আওয়ামীদের বিরুদ্ধে সংগ্রাম করেছো, মাঠে খেতে বিলে লুকিয়ে থেকেছো, জেলে গেছো, মার খেয়েছো, এখন আল্লাহর ওয়াস্তে নিজের জীবনটা নিয়ে ভাবো! এখন নিজের জীবন নিজের দেশ গড়ার সময়! কে কি করল, কে কি বললো, না ভেবে ক্যারিয়ার গড়ো, আসল জাতীয়তাবাদী রাজনীতি করো, কারও ক্যাডার হতে যেও না! এই ভাই ওই ভাইয়ের পিছনে না ঘুরে আত্মবিশ্বাসের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী রাজনীতি আর লিবারেল ডেমোক্রেসির চর্চা করো, মানুষের সেবা করো! না, কাউকে মাইর দেওয়া তোমার কাজ না! ইউ হ্যাভ ডান ইট এনাফ! গণঅভ্যুত্থানের সরকার নিজেকে সামলাক!

তিনি আরও উল্লেখ করেন, লাইফে সবচেয়ে জরুরি হলো ইমান আর স্ট্র্যাটেজি! তুমি যখন আত্মবিশ্বাসী হবে, রাজনীতিও সোজা হবে! তাতেই দলের সবচেয়ে উপকার হবে! The choice is yours!

×
সর্বশেষ সর্বাধিক পঠিত