চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং চাঁদপুর-২ আসনের সম্ভাব্য প্রার্থী অধ্যাপক তানভীর হুদা বলেছেন, ‘গণতন্ত্রপ্রিয় মানুষের জীবনের দাবি হচ্ছে নির্বাচন। মানুষ চাই নিজ হাতে ভোট দেওয়ার সুযোগ পেতে, যা তারা গত ১৭ বছর ধরে পাননি।’
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে মতলব উত্তর উপজেলার মমরুজকান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘পূজা মণ্ডপ পাহারা দেওয়ার পক্ষে আমি নই, কারণ আমরা সবাই বাংলাদেশি। আমরা সবাই মিলেমিশে সকল ধর্মের উৎসব উদযাপন করব।’
তানভীর হুদা বলেন, ‘গত বছরের ৫ আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনা দেশ ত্যাগ করার মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। এই নতুন বাংলাদেশকে নতুনভাবে পরিচালনার জন্য আমাদের নেতা তারেক রহমান ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন।’
তিনি অভিযোগ করে বলেন, ‘বাংলাদেশের একমাত্র সন্ত্রাসী দল হচ্ছে আওয়ামী লীগ। তারা দেশের গণতন্ত্র ধ্বংস করেছে এবং জনগণকে দমিয়ে রাখার চেষ্টা করছে।’
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক হালিম সরকার রিংকু, মতলব উত্তর উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি গোপাল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস। এছাড়াও বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বিল্লাল হোসেন মৃধা, মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম সারোয়ার মজুমদার, ফরাজীকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াছিন মোল্লা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু সৈয়দ গোলাম রাব্বানী মামুন, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম, মমরুজকান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রাধেশাহাম সাহা এবং দূর্গাপুর ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক মহসিন মুক্তারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে মতলব উত্তরের ৩৪টি পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।
পূজা মন্ডপের নিরাপত্তায় সারা দেশে ৪৩০ প্লাটুন বিজিবি মোতায়েন