পূজামণ্ডপের নিরাপত্তায় সারা দেশে ৪৩০ প্লাটুন বিজিবি মোতায়েন

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৬ পিএম

দুর্গাপূজা উপলক্ষ্যে সারাদেশের মোট ২৮৫৭টি পূজামণ্ডপে নিরাপত্তা প্রদান করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ জন্য মোতায়েন করা হয়েছে বাহিনীর ৪৩০ প্লাটুন সদস্য। সারাদেশে বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ২৪টি বেইজ ক্যাম্প স্থাপন করেছে তারা। উৎসবের সময় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কাজ করবে বিজিবি। 

শনিবার  (২৭ সেপ্টেম্বর) বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি সূত্রে জানা যায়, মোট ২৮৫৭টি পূজা মণ্ডপের মধ্যে সীমান্তবর্তী এলাকায় (সীমান্তের আট কিলোমিটারের মধ্যে এবং পার্বত্য এলাকাসহ) রয়েছে ১৪১১টি মণ্ডপ। এছাড়া সীমান্তবর্তী এলাকার বাইরে রয়েছে ১৪৪৬টি মণ্ডপ। রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশন এলাকায় রয়েছে ৪৪১টি মণ্ডপ। চট্টগ্রাম মহানগরী, রাউজান ও রাঙ্গুনিয়ায় রয়েছে ৬৯৪টি এবং অন্যান্য স্থানে রয়েছে ৩১১টি পূজা মণ্ডপ।

যেকোনো অপ্রীতিকর ঘটনা রোধ করতে বিজিবি তার গোয়েন্দা নজরদারি শক্তিশালী করার পাশাপাশি সীমান্ত এলাকায় বিশেষ টহল কার্যক্রম চালাচ্ছে। বিজিবি জাতীয় শান্তি, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় অঙ্গীকারবদ্ধ। দেশের জনগণ যাতে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপন করতে পারে, সে লক্ষ্যে বিজিবি স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করে যাচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত