ভারতের বিপক্ষে 'আক্রমনাত্মক মানসিকতা' দেখাবে পাকিস্তান

হাত না মেলানো ক্রিকেটের জন্য ভালো নয়: সালমান আগা

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৪ এএম

এশিয়া কাপের ফাইনালের আগের দিন পাকিস্তান অধিনায়ক সালমান আগা প্রথমবারের মতো ভারত-পাকিস্তান ম্যাচ পরবর্তী হ্যান্ডশেক বিতর্কে মুখ খুললেন।

‎গত ১৪ সেপ্টেম্বর গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে পাকিস্তানকে সাত উইকেটে হারানোর পর ভারতীয় ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি জানায়। সুপার ফোরের ম্যাচেও ভারতের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি।

‎শনিবার দুবাইয়ে সংবাদ সম্মেলনে আগা বলেন, "আমি ২০০৭ সালে অনূর্ধ্ব-১৬ স্তরে পেশাদার ক্রিকেট শুরু করি। এতদিনে কখনো দুই দলকে ম্যাচ শেষে হাত না মেলাতে দেখিনি। আমার বাবা নিজেও ক্রিকেটপ্রেমী, সেও কখনো এমন ঘটনার কথা বলেননি। ভারত-পাকিস্তানের ম্যাচ আগেও হয়েছে, উত্তেজনাও ছিল, কিন্তু হাত মেলানো সবসময়ই প্রথার অংশ ছিল। হাত না মেলানো ক্রিকেটের জন্য ভালো নয়।”

‎এশিয়া কাপের এই আসরে মাঠের লড়াইয়ের চেয়ে মাঠের বাইরের ঘটনাই বেশি আলোচনায় এসেছে। সর্বশেষ ভারত-পাকিস্তান ম্যাচে পাকিস্তানের হারিস রউফ ও সাহিবজাদা ফারহানের “উস্কানিমূলক উদযাপন” বিতর্ক তৈরি করে। ফারহান ফিফটি করার পর মেশিনগান ভঙ্গিতে সেলিব্রেট করেন, আর রউফ বাউন্ডারিতে ফিল্ডিং করার সময় যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ভঙ্গি করেন।

‎রবিবারের ফাইনালে খেলোয়াড়দের সংযত রাখার বিষয়ে প্রশ্ন করা হলে আগা বলেন, "প্রতিটি খেলোয়াড় জানে কীভাবে আবেগ সামলাতে হয়। আমি খেলোয়াড়দের স্বাধীনতা দিই, তারা যেমনভাবে প্রতিক্রিয়া জানাতে চায় জানাক, যতক্ষণ না কাউকে অসম্মান করা হচ্ছে। সীমার ভেতরে থাকলে আক্রমণাত্মক মানসিকতায় আমার কোনো সমস্যা নেই— সেটা আমাদের দলের হোক বা প্রতিপক্ষের।”

পাকিস্তানের অধিনায়ক জানিয়েছেন, তার দল রবিবার ট্রফি হাতে অধিনায়কদের ফটোশুটের প্রোটোকল মেনে চলবে, যদিও ভারত সেটি বর্জন করতে পারে।
“তারা যা করতে চায়, করুক,” বলেন আগা। “আমরা আমাদের প্রোটোকল অনুযায়ী চলব। বাকি বিষয় তাদের ইচ্ছা—যদি তারা সেখানে আসতে চায়, আসুক। যদি না আসতে চায়, তবে না আসুক।”

ভারত টুর্নামেন্টে এখন পর্যন্ত ছয় ম্যাচের সবগুলোতেই জিতেছে এবং ফাইনালে প্রবল ফেভারিট হিসেবে নামছে। ২০২২ সাল থেকে পাকিস্তানের বিপক্ষে সাতটি সাদা বলের ম্যাচে তারা হারেনি।

“ফাইনাল বলে দুই দলের ওপরই সমান চাপ থাকবে,” বলেন আগা। “আমার মনে হয় ফাইনালের চাপ ভিন্ন রকম। আমরা সর্বোচ্চ চেষ্টা করব জয়ের জন্য।”


×
সর্বশেষ সর্বাধিক পঠিত