নারী বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে শনিবার শ্রীলঙ্কাকে ১ রানে হারিয়েছে বাংলাদেশ। ২৪২ রানের সংগ্রহ গড়ে তারা ম্যাচের শেষ বলে শ্রীলঙ্কাকে গুটিয়ে দিয়েছে ২৪১ রানে।
প্রস্তুতি ম্যাচের ফলাফল গুরুত্বপূর্ণ কিছু নয়। তবে শেষ দিকে দারুণ জমে যাওয়া লড়াইয়ে জয় পাওয়ায় বাড়তি আত্মবিশ্বাস পাবে বাংলাদেশ। মূল মঞ্চে আগামী বৃহস্পতিবার নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে জ্যােতিরা।
বৃষ্টিতে ভেসে যাওয়া আগের ম্যাচে অল্প বোলিং করতে পেরেছিলেন মারুফা আক্তার ও ফারিহা তৃষ্ণা। শনিবার তাই টস জিতে আগে ব্যাটারদের ঝালিয়ে নেওয়ার সুযোগটা নেয় বাংলাদেশ। কিন্তু তা কাজে লাগাতে পারেননি ফারজানা হক, দ্বিতীয় ওভারে তিনি বিদায় নেন ১ রান করে।
দ্বিতীয় উইকেটে ৯০ রানের জুটি গড়েন রাবেয়া হায়দার ঝিলিক ও শারমিন আক্তার সুপ্তা। চারটি চারে ৩৩ রান করে রাবেয়ার বিদায়ে ভাঙে জুটি।
এরপর দ্রুত ফেরেন সোবহানা মুস্তারি। থিতু হয়ে ফেরেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
দেড়শ ছোঁয়ার আগেই বিদায় নেন শারমিন। ১০১ বলে ৭ চারে ৭১ রান করেন এই টপ অর্ডার ব্যাটার।
স্বর্ণা আক্তারও দ্রুত ফেরার পর, সুমাইয়া আক্তার ও ফাহিমা খাতুনের ব্যাটে আড়াইশ রানের কাছাকাছি যায় বাংলাদেশ। ৪২ বলে এক চারে ৩৮ রান করেন সুমাইয়া। ৩৫ বলে ২৬ রানে অপরাজিত থাকেন ফাহিমা, তার ইনিংসে নেই কোনো বাউন্ডারি।
বল হাতে শুরুতেই আঘাত হানেন মারুফা; শ্রীলঙ্কার সবচেয়ে বড় ভরসা চামারি আতাপাত্তুকে বোল্ড করে দেন এই পেসার। শূন্য রানে ভিশমি গুনারাত্নেকে ফেরান ফাহিমা।
থিতু হয়ে ইনিংস বড় করতে পারেননি হাসিনি পেরেরা ও হার্শিথা সামারাউইক্রামা। ৮৬ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে শ্রীলঙ্কা।
মাঝের ওভারগুলোতে বাংলাদেশকে ভোগান নিলাকশিকা সিলভা ও কাভিশা দিলহারি। তাদের পঞ্চাশ ছোঁয়া ইনিংস ও ৯৮ রানের জুটিতে এক সময় ৫ উইকেটে ২১৮ রানের ভালো অবস্থানে পৌঁছে যায় শ্রীলঙ্কা। দিলহারি হিট উইকেট হলে ভাঙে এই জুটি। এরপর নিয়মিত উইকেট নিয়ে দারুণ এক জয় তুলে নেয় বাংলাদেশ।
তিনটি উইকেট নিয়ে এতে বড় ভূমিকা রাখেন নাহিদা আক্তার। অবদান কম নয় মারুফার।
শেষ ওভারে ১০ রান প্রয়োজন ছিল লঙ্কানদের। প্রথম বলে বাউন্ডারি আসায় কাজটা হয়ে গিয়েছিল সহজ। কিন্তু মারুফার পরের দুই বলে রান আউট হয়ে যান দুই ব্যাটার।
শেষ বলে দরকার ছিল ২ রান। সুগান্ধিকা কুমারিকে ফিরিয়ে দলকে দারুণ জয় এনে দেন পেসার মারুফা।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঐতিহাসিক জয় নেপালের