নানা জটিলতা ও অনিশ্চয়তা কাটিয়ে আগামী শুক্রবার মুক্তির কথা রয়েছে চিত্রনায়িকা মৌ খান অভিনীত বহুল প্রতিক্ষীত ‘বান্ধব’ সিনেমার। কিন্ত মুক্তির আগেই চুরির অভিযোগ উঠল সুজন বড়ুয়া পরিচালিত চলচ্চিত্রটির বিরুদ্ধে। বিষয়টি নিয়ে ইতিমধ্যে বেশ সমালোচনা শুরু হয়েছে চলচ্চিত্রমহলে। কথাসাহিত্যিক বিশ্বজিৎ দাস অভিযোগ তুলেছেন, তার লেখা গল্প ‘মানুষ’ থেকে অনুমতি ছাড়াই এই সিনেমার কাহিনি নেওয়া হয়েছে।
সোমবার ( ২৯ সেপ্টেম্বর) ফেসবুকে এক দীর্ঘ পোস্টে তিনি লিখেছেন, ‘২০০৯ সালে ‘‘মৌচাকে ঢিল” পত্রিকায় প্রকাশিত আমার ছোটগল্প সময় পাঠকের বিপুল সাড়া ফেলেছিল। ওই বইয়ের প্রতিটি সংস্করণে “মানুষ” নামের একটি গল্প রয়েছে। সুজন বড়ুয়ার “বান্ধব” সিনেমার ট্রেলার দেখে আমি নিশ্চিত হয়েছি ছবির গল্প ওই গল্প থেকে নেওয়া। অথচ আমাকে জিজ্ঞেস করা হয়নি, নামও ব্যবহার করা হয়নি।’
তিনি আরও বলেন, ‘আমি কোনোদিন কাউকে এই গল্পের সিনেমা বা নাটক নির্মাণের স্বত্ব দিইনি। এটি সম্পূর্ণ চৌর্যবৃত্তি। আমি সিনেমার বিরোধিতা করছি না, তবে যদি পরিচালক ও প্রযোজক আমাকে গল্পকার হিসেবে স্বীকৃতি দেন, সেটিই হবে ন্যায্য।’
দিনাজপুর সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এই লেখক জানান, তার গল্পগুলো ইতিমধ্যেই বিভিন্ন জাতীয় পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে এবং সময় নামের সংকলন আকারে বেরিয়েছে একাধিক সংস্করণে। তাই এই ধরনের ‘গল্প চুরি’ তার কাছে দুঃখজনক।
এদিকে, অভিযোগ প্রসঙ্গে এখনো ‘বান্ধব’র পরিচালক বা প্রযোজকের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। সিনেমার গল্প প্রসঙ্গে গণমাধ্যমে ইতিমধ্যেই সুজন বড়ুয়া জানিয়েছেন, ডাস্টবিন থেকে কুড়িয়ে পাওয়া জন্মপরিচয়হীন এক শিশুর জীবনগল্প উঠে এসেছে ‘বান্ধব’ সিনেমায়। সিনেমাটি প্রযোজনা করেছে অনুপম কথাচিত্র।
দুদকের মামলায় এবার গ্রেপ্তার সাবেক বিচারপতি মানিক
সোশ্যাল মিডিয়া মাতাচ্ছেন পরী
ইউনাইটেড হাসপাতালের দিনব্যাপী স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি
দুমকিতে গাঁজা সেবনের দায়ে বৃদ্ধের কারাদণ্ড