এবার টিভিতেও যুক্ত করল গুগল তার জেমিনাই এআই। জানুয়ারিতে সিইএসের আগে ঘোষণা দেওয়া পর অবশেষে গুগল টিভিতে জেমিনাই আনতে শুরু করেছে কোম্পানিটি। নতুন এই এআই আগের গুগল অ্যাসিস্ট্যান্টের সব কাজ করতে পারবে তবে আরও উন্নতভাবে। সবচেয়ে বড় পরিবর্তন হলো এটি শুধু সহজ কমান্ডই নয় বরং স্বাভাবিক কথোপকথনও বুঝতে পারে। আগের মতো ‘হেই গুগল’ বলেই বা রিমোটের মাইক্রোফোন বাটন চেপে এটি চালু করা যাবে। আর কথোপকথন হবে আরও স্বাভাবিক, এক প্রশ্নের পর আরেকটি প্রশ্ন করতে নতুন করে শুরু করার প্রয়োজন হবে না বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট ‘নিওউইন’।
গুগল বলছে, যদি কোনো শো’র নাম মনে না থাকে তাহলেও ব্যবহারকারী শুধু এটি সম্পর্কে কিছু ব্যাখ্যা দিলেই চলে আসবে। যেমন কোনো ব্যবহারকারী যদি প্রশ্ন করে মানুষজন যে নতুন হাসপাতাল ড্রামা নিয়ে কথা বলছে সেটা কী? এর উত্তরে এআই নিজে থেকেই সঠিক শো খুঁজে বের করবে। আবার যদি কোনো সিরিজের এপিসোড দেখা বাদ পড়ে যায় তাহলে এটি স্পয়লার ছাড়া সংক্ষিপ্ত রিক্যাপও দিতে পারবে।
তবে আপাতত এসব ফিচার কেবল টিসিএল ‘কিউএম৯কে’ সিরিজের টিভিতে পাওয়া যাচ্ছে। গুগলের প্রতিশ্রুতি অনুযায়ী চলতি বছরের মধ্যে এটি আরও কয়েকটি টিসিএল মডেল ‘কিউএম৭কে’, ‘কিউএম৮কে’ ও ‘এক্স১১কে’-এ যুক্ত হবে। পাশাপাশি ২০২৫ সালের হাইসেন্স ইউ৯, ইউ৮ ও ইউএক্স মডেল, ওয়ালমার্ট ‘অন ৪কে প্রো’ এবং গুগল টিভি স্ট্রিমারেও যুক্ত হবে ফিচারটি।
এদিকে মাইক্রোসফট ও স্যামসাং যৌথভাবে ঘোষণা দিয়েছে, তাদের টিভিতেও কোপাইলট যুক্ত করা হবে। গুগল টিভির জেমিনাইয়ের মতো এখানেও রিমোটের মাইক্রোফোন বাটন চেপে কোপাইলট চালু করা যাবে। স্যামসাংয়ের কোপাইলট ব্যবহার করে দর্শকরা কোনো সিরিজের স্পয়লার ছাড়া রিক্যাপ পেতে পারবেন, খুব নির্দিষ্ট সিনেমার পরামর্শ চাইতে পারবেন, এমনকি কণ্ঠ অভিনেতা সম্পর্কিত ফলোআপ প্রশ্নের উত্তরও পাবেন।
