নরসিংদীতে পারিবারিক কবরস্থানে সমাহিত সাবেক শিল্পমন্ত্রী

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২১ পিএম

নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য, সদ্য সাবেক শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ূনকে মনোহরদীতে তার পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় মনোহরদী উপজেলার গোতাশিয়া ইউনিয়নের শুকুর মাহমুদ উচ্চ বিদ্যালয় মাঠে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

তার জানাজায় হাজারও মানুষের উপস্থিতি ছিল। জানাজা নামাজে পরিবারের পক্ষে বক্তব্য রাখেন মরহুমের ছোট ভাই মামুন ও লিমন এবং বড় মেয়ের জামাতা শফিকুল ইসলাম। জানাজা শেষে তাকে ব্রাহ্মণহাটা গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে সোমবার রাজধানীর গুলশানের আজাদ মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

২০২৪ সালের সেপ্টেম্বর মাসে অভ্যুত্থান-পূর্ববর্তী প্রেক্ষাপটে রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছিলেন। সম্প্রতি কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদে শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। উপস্থিত নেতাকর্মীদের অনেকে বলেন, তিনি সব সময় চেষ্টা করতেন ভিন্নমতকে শ্রদ্ধা করতে। রাজনৈতিক প্রতিপক্ষকেও সম্মানের চোখে দেখতে।

নুরুল মজিদ মাহমুদ হুমায়ূনের স্ত্রী নাদিরা মাহমুদ, এক পুত্র ও দুই কন্যা সন্তান রেখে গেছেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত