খাদে পড়ে ট্রাক বিকল, ১০ কিলোমিটার যানজট

আপডেট : ০২ অক্টোবর ২০২৫, ০৫:৪২ পিএম

কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে একটি পণ্যবাহী ট্রাক বিকল হয়ে পড়ায় প্রায় ১০ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ৮টার দিকে দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ছগুরা এলাকা থেকে বুড়িচংয়ের দেবপুর পর্যন্ত দীর্ঘ সারিতে আটকা পড়ে অসংখ্য যানবাহন। এতে চার ঘণ্টারও বেশি সময় ধরে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে সিলেটগামী একটি পণ্যবোঝাই ট্রাক কংশনগর এলাকায় সড়কের গর্তে পড়ে বিকল হয়ে যায়। এর পরপরই সড়কের দুই পাশে যানবাহনের চাপ বাড়তে থাকে। 

খানাখন্দে ভরা রাস্তায় ধীরগতির কারণে যান চলাচল প্রায় অচল হয়ে পড়ে।

ঘটনাস্থলে দেখা যায়, বিকল ট্রাকটির পেছনের দুই চাকা খুলে মেরামতের চেষ্টা করছেন চালক, হেলপার ও স্থানীয় কয়েকজন। 

সীমিত পরিসরে পাশ দিয়ে কিছু যান চললেও সড়কের দুই পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানবাহনের সারি তৈরি হয়।

ট্রাকের হেলপার সিরাজ আলী বলেন, “কুমিল্লা-সিলেট মহাসড়কের অধিকাংশ জায়গাই ভাঙাচোরা। এমনই এক গর্তে পড়ে আমাদের ট্রাক বিকল হয়ে যায়। এখন চাকা খুলে মেরামতের চেষ্টা করছি।”

জ্যামে আটকে থাকা বাসচালক সাইফুল ইসলাম বলেন, “এই সড়ক এখন আমাদের জন্য আতঙ্কের নাম। পুরো রাস্তা খানাখন্দে ভরা বলে সময়মতো গন্তব্যে পৌঁছানো যায় না। এটা নামেই শুধু মহাসড়ক, বাস্তবে লক্কর-ঝক্কর।”

মিরপুর হাইওয়ে থানার ইনচার্জ পারভেজ আলী বলেন, “কংশনগর বাজার এলাকায় প্রায়ই এমন যানজট হয়। এটি দেবিদ্বার পর্যন্ত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।”

কুমিল্লা ময়নামতি হাইওয়ে থানার উপ-পরিদর্শক আনিসুর রহমান বলেন, “কংশনগর এলাকায় ট্রাক বিকল হওয়ায় যানজট তৈরি হয়েছে। 

মহাসড়কটি দুই লেনের হওয়ায় যেকোনো গাড়ি বিকল হলেই এমন পরিস্থিতি হয়। ট্রাকটি মেরামতের কাজ চলছে, শিগগিরই যান চলাচল স্বাভাবিক হবে।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত