প্যারিস উইকে অ্যাশ বন্দনা

আপডেট : ০৩ অক্টোবর ২০২৫, ১২:০৩ এএম

বছর ঘুরে আবারও ফ্রান্সের রাজধানী প্যারিসে চলছে ফ্যাশন দুনিয়ার অন্যতম আকর্ষণীয় ও বহুল প্রত্যাশিত ইভেন্ট প্যারিস ফ্যাশন উইক। গত ২৯ সেপ্টেম্বর শুরু হওয়া এই আয়োজন চলবে আগামী ৭ অক্টোবর পর্যন্ত। ১৭৮৯ সালে শুরু হওয়া ফরাসি বিপ্লবের মূলমন্ত্র ছিল স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব। তার সঙ্গে মিল রেখে এবার প্যারিস ফ্যাশন উইকের থিম হলো স্বাধীনতা, সাম্য ও ভগিনীত্ব (লিবার্টি, ইকুইটি অ্যান্ড সিস্টারহুড)। অবশ্য ফ্যাশন তো একটা বিপ্লবই বটে, আর তার রাজধানী যে প্যারিস! এ বছর প্যারিস ফ্যাশন উইকে উদ্যাপিত হচ্ছে টেকসই ফ্যাশন ও নারীর শক্তি। প্রতিবারই বিশ্বের সব নামি-দামি ফ্যাশন তারকাদের উপস্থিতি আলোয় ঝলমলে করে এই আয়োজন। কিন্তু এবার সেই আলোর পুরোটাই যেন কেড়ে নিলেন সাবেক বিশ্ব সুন্দরী ও বলিউড অভিনেত্রী ঐশ^রিয়া রাই বচ্চন। ল’রিয়াল প্যারিস স্প্রিং ২০২৬ আয়োজনের মঞ্চে তিনি হাঁটলেন বিখ্যাত ডিজাইনার মণীশ মালহোত্রার শেরওয়ানিতে।

দুই দশকেরও বেশি সময় ধরে ল’রিয়াল প্যারিসের গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে ঐশ্বরিয়া বিশ্বমঞ্চে রাজত্ব করে আসছেন। তিনি শুধু ব্র্যান্ডের মুখই নন, বরং সৌন্দর্য, শক্তি ও আত্মবিশ্বাসকে এক নতুন সংজ্ঞা দিয়েছেন আন্তর্জাতিক অঙ্গনে। দুই বছরেরও বেশি সময় পর্দায় অনুপস্থিত থাকলেও প্যারিস ফ্যাশন উইক স্প্রিং-২৬-এর মঞ্চে তার উপস্থিতি যেন নতুনভাবে ধরা দিল। বিখ্যাত ভারতীয় ডিজাইনার মণীশ মালহোত্রার কাস্টম মেড শেরওয়ানিতে হাজিন হন তিনি, যেখানে ভারতীয় পুরুষদের ঐতিহ্যবাহী পোশাককে রূপ দেওয়া হয়েছে এক আধুনিক হাই-ফ্যাশন মাস্টারপিসে। শেরওয়ানিটি ঝলমল করে হীরাখচিত কারুকাজে। উঁচু বন্ধগলা কলার, স্পিøট নেকলাইন আর সামনে হীরার বোতাম বাড়িয়ে দিয়েছে পোশাকের আভিজাত্য। তবে সবচেয়ে নজরকাড়া ছিল হাতে ১০ ইঞ্চি জুড়ে হীরার সূক্ষ্ম এমব্রয়ডারি। এর সঙ্গে মানানসই ফ্লেয়ারড ট্রাউজার আর হাই হিলে ঐশ্বরিয়া ছিলেন অনন্য। ডিজাইনার মূলত এই পোশাকের মাধ্যমে মেলবন্ধন ঘটিয়েছেন ঐতিহ্য ও সমসাময়িকতার। আবার নারী-পুরুষের পোশাকের বিভেদরেখাও কি মুছে দেওয়া প্রয়াস পেলেন মণীশ?

ঐশ্বরিয়ার লুক সম্পূর্ণ করেছে মণীশ মালহোত্রা জুয়েলারির সিগনেচার ব্রোচ। ম্যাজেস্টিক রিগালিয়া কালেকশনের স্ট্যালিয়ন ব্রোচে হীরা আর পান্নার অপূর্ব কাজ মুগ্ধ করে; এটা তৈরি হয়েছে কারুশিল্পীর প্রায় ১৫০০ ঘণ্টার অনবদ্য নিপুণতায়। এই আউটফিটের সঙ্গে ঐশ্বরিয়ার গ্ল্যাম লুকও সমানভাবে ছিল আকর্ষণীয়। হীরার স্টাড, আংটি আর আইকনিক লাল লিপস্টিকের সঙ্গে ক্লাসিক উইংড আইলাইনারে তিনি হয়ে উঠেছেন মাধুরীময়।

প্যারিস ফ্যাশন উইকের শোয়ের ব্যাকস্টেজে ঐশ^র্যের সঙ্গে দেখা হয় ইনফ্লুয়েন্সা আদিত্য মদিরাজুর। তিনি ঐশ^রিয়াকে বলেন, আমার বিয়ে হয়েছে শুধু আপনার জন্যই! পরে সেই আলাপচারিতার ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেন তিনি। ক্যাপশনে লেখেন, ‘আমাদের হৃদয়ের রানী... স্বপ্ন ছিল তোমার সঙ্গে দেখা করার... এখনো গোটা বিষয়টি অবিশ্বাস্য লাগছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত