সম্প্রতি শেষ হওয়া এশিয়া কাপে ভারতের কাছে টানা তিনবার হার এবং লজ্জাজনক পারফরম্যান্সের পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভির কড়া সমালোচনা করেছেন দেশটির সাবেক তারকা ক্রিকেটার শহীদ আফ্রিদি। তার মতে, নাকভিকে একসঙ্গে দুই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন না করে একটি পদ থেকে সরে দাঁড়ানো উচিত।
বর্তমানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও পিসিবি চেয়ারম্যান—দুই দায়িত্বই পালন করছেন নাকভি। এ প্রসঙ্গে আফ্রিদি বলেন, ‘আমার অনুরোধ বা পরামর্শ হচ্ছে, এগুলো দুইটা বড় দায়িত্ব। পিসিবি স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মতো নয়, একেবারেই আলাদা। তাই একটি পদ থেকে সরে দাঁড়ানো উচিত। পাকিস্তান ক্রিকেট এখন বিশেষ মনোযোগ দাবি করে। একইসঙ্গে ক্রিকেট বোর্ডে সময় দিতে হবে।’
এর আগে ২০২৫ সালের শুরুর দিকে চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানের হতাশাজনক পারফরম্যান্সের পরও নাকভির দ্বৈত দায়িত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন আফ্রিদি। সাবেক এই অধিনায়ক আরও বলেছেন, ‘নাকভি নিজেই স্বীকার করেন যে, তিনি ক্রিকেট সম্পর্কে খুব বেশি জানেন না। শুধুমাত্র উপদেষ্টাদের ওপর নির্ভর করা উচিত নয়, বরং অভিজ্ঞ ও দক্ষ ক্রিকেট উপদেষ্টা নিয়োগ করা প্রয়োজন।’
উল্লেখ্য, পাকিস্তানের রাষ্ট্রক্ষমতার পরিবর্তনের পর ২০২৪ সালের শুরুর দিকে মহসিন নাকভি পিসিবি চেয়ারম্যান হন। কোচিং স্টাফ পরিবর্তনসহ একাধিক সিদ্ধান্তের কারণে শুরু থেকেই তিনি বিতর্কের মুখে ছিলেন। এখনও এশিয়া কাপের ট্রফি বিতর্ক তার পিছু ছাড়েনি। পাকিস্তানের পরবর্তী মিশন ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজ। দুই টেস্ট, তিনটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডের সিরিজটি আগামী ১২ অক্টোবর থেকে লাহোরে মাঠে গড়াবে।
সোহান থাকতে জাকের কেন ক্যাপ্টেন ও কিপার? -প্রশ্ন সাবেক দুই পেসারের
সৌদি আরবে ক্লিনিক খুলতে চান রোনালদো
সাবেক ভারত অধিনায়ক বললেন –‘মারুফার বোলিং দেখে আমি মুগ্ধ’