সুন্দরবনের অভিযান চালিয়ে জাহাঙ্গীর বাহিনীর কবল থেকে অপহৃত চার জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। এ সময় দস্যুদের ফেলে যাওয়া বন্দুক, দুটি এয়ারগান ও তিনটি গুলিও উদ্ধার করা হয়।
শুক্রবার (৩ অক্টোবর) সকালে বাগেরহাটের মোংলা কোস্ট গার্ড পশ্চিম জোনের নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট ইকরা মোহাম্মদ নাসিফ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের কুখ্যাত ডাকাত জাহাঙ্গীর বাহিনী শিবসা নদীসংলগ্ন আড়বাউনি খাল এলাকায় কয়েকজন জেলেকে জিম্মি করে রেখেছে। এমন খবরে শুক্রবার ভোর ৫টায় কোস্ট গার্ড বেইস মোংলা ও আউটপোস্ট নলিয়ান এলাকায় অভিযান চালনো হয়। এ সময় কোস্ট গার্ডের অভিযানিক দল ডাকাতদের আত্মসমর্পণ আহ্বান জানাতে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরে ডাকাতরা নৌকা ও জিম্মিদের রেখে বনের ভেতরে পালিয়ে যায়। এ সময় ডাকাতদের নৌকা তল্লাশি করে একটি একনলা বন্দুক, দুটি এয়ারগান এবং তিন রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়। ডাকাতদের হাতে জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করা হয়।
জব্দ করা অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক।
