বরগুনার তালতলীতে তিন বছরের এক শিশুকে নদীতে ফেলে হত্যার অভিযোগে তার মায়ের বিচার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। এ ঘটনায় শিশুর বাবার মামলা নেওয়ার বিষয়ে পুলিশের গড়িমসির অভিযোগও উঠেছে।
শুক্রবার (৩ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের বড় অংকুজান পাড়া আশ্রয়ণ প্রকল্প এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে দুই শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে গ্রামের শানু হাওলাদারের ছেলে শাহিনের সঙ্গে ছোটবগী ইউনিয়নের পি কে এলাকার মনির খন্নারের মেয়ে মারজিয়া আক্তারের বিয়ে হয়। তাদের সংসারে জন্ম নেয় একমাত্র সন্তান শাহাদাত হোসেন। কিন্তু বিয়ের পর থেকেই মারজিয়া পরকীয়ায় জড়িয়ে পড়েন বলে অভিযোগ স্বামীর। এ নিয়ে দাম্পত্য কলহ লেগেই থাকত।
গত সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে মারজিয়া আক্তার তার ছেলে শাহাদাতকে নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেননি। পরদিন সকালে স্থানীয় তাপবিদ্যুৎ কেন্দ্রসংলগ্ন পায়রা (বুড়িশ্বর) নদীতে ভেসে ওঠে শিশুটির মরদেহ। এ ঘটনায় বাবার পক্ষ থেকে মামলা করার চেষ্টা করলেও পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার।
শিশুর বাবা শাহিন বলেন, সোমবার রাতে মারজিয়া সন্তানকে নিয়ে ঘর থেকে বের হয়ে যায়। পরদিন নদীতে ভেসে ওঠা লাশ দেখে বুঝতে পারি এটা আমার ছেলে শাহাদাত। মারজিয়া দীর্ঘদিন পরকীয়ায় জড়িয়ে ছিল। প্রতিবাদ করলেই বাড়ি থেকে চলে যেত। এবার ঘর থেকে বের হয়ে সন্তানকে হত্যা করে প্রেমিকের সঙ্গে পালিয়েছে। আমি থানায় মামলা করতে গিয়েছিলাম, কিন্তু কোনো পদক্ষেপ পাইনি। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।
এদিকে স্থানীয়রা অভিযোগ করেন, পুলিশের অবহেলার কারণে এ ঘটনায় মামলা হয়নি। তারা দ্রুত সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান।
তালতলী থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তফা কামাল বলেন, মারজিয়ার বাবা ঘটনাস্থলে থাকেন না। তবুও মেয়ে নিখোঁজের ঘটনায় তিনি সাধারণ ডায়েরি করেছেন। তথ্য প্রযুক্তির মাধ্যমে তার অবস্থান জানার চেষ্টা চলছে।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল বলেন, শিশুর লাশটি নদী থেকে উদ্ধার করা হয়েছে। তবে শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। মৃত্যুর রহস্য উদ্ঘাটনে ময়নাতদন্ত করা হয়েছে। প্রতিবেদন হাতে এলে বিস্তারিত জানা যাবে।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা এবং শিশুর মা নিখোঁজ থাকায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলেও জানান তিনি।
৩০০ আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিয়েছে জামায়াত
অপরাধ করলে শাস্তি দেওয়ার অধিকার কেবল রাষ্ট্র ও আদালতের