৯৯৯ নম্বরে ফোনকল

সুন্দরবনের হিরণপয়েন্টে ডুবন্ত নৌযান থেকে ২ শ্রমিক উদ্ধার

আপডেট : ০৩ অক্টোবর ২০২৫, ১১:১২ পিএম

বাগেরহাটের মংলার সুন্দরবনের হিরণপয়েন্ট সংলগ্ন খালে ডুবন্ত নৌযান থেকে ২ জন ড্রেজারশ্রমিককে উদ্ধার করেছে কোস্টগার্ড। তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল পেয়ে ভুক্তভোগীদের উদ্ধার করে।

জানা যায়, শুক্রবার ভোররাতে নুর হোসেন নামে একজন ড্রেজারশ্রমিক ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান, তারা দুইজন ড্রেজারশ্রমিক এমভি সাফিন নামক একটি লাইটার জাহাজে করে ড্রেজারমেশিন নিয়ে হিরনপয়েন্টের সন্নিকটের খালে কয়েকদিন ধরে খননকাজে নিযুক্ত ছিলেন।  নিম্নচাপের কারণে বৈরি আবহাওয়ায় লাইটার জাহাজটি একপাশে কাত হয়ে যায় এবং ড্রেজারমেশিন পানিতে তলিয়ে যায়। তারা দুজন শ্রমিক একটি চরে আশ্রয় নিয়েছিলেন কিন্তু খালের পানি বৃদ্ধি পেয়ে সেটিও পানিতে তলিয়ে যায়।  বর্তমানে তারা দুজন ডুবে যাওয়া চরের একটি গাছের ডালে বসে আছেন। 

কলার নুর হোসেন তাদের উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য ৯৯৯-এর কাছে অনুরোধ জানান। ৯৯৯ তাত্ক্ষণিভাবে কোস্টগার্ড নিয়ন্ত্রণকক্ষ এবং নৌবাহিনী নিয়ন্ত্রণকক্ষে বিষয়টি দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য জানায়।

৯৯৯ থেকে সংবাদপ্রাপ্ত হয়ে কোস্টগার্ডের উদ্ধারকারী দল ডুবে যাওয়া চর থেকে শ্রমিক দুজনকে উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দেয়। লাইটার জাহাজের মালিকপক্ষের সাথে যোগাযোগ করা হয়েছে, আবহাওয়া শান্ত হলে নৌযানটি উদ্ধারের ব্যবস্থা নেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত