আগামী ডিসেম্বর মাসে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ ফুটবল বিশ্বকাপের ড্র। তবে এর আগেই বড় সমস্যায় পড়েছে ইরান। দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ, কোচ আমির গালেনোইসহ আরও সাত সদস্যের ভিসা আবেদন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট নাকচ করেছে। এই খবর প্রকাশ করেছে তেহরান টাইমস।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি বছর শুরুর দিকে একটি নির্বাহী আদেশ জারি করেন, যার মাধ্যমে ইরানসহ ১২টি দেশকে ভ্রমণ নিষিদ্ধ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। যদিও আদেশে উল্লেখ ছিল, বিশ্বকাপ ও অলিম্পিকের মতো বড় ক্রীড়া আসর এ তালিকার বাইরে থাকবে। তবুও ইরানের প্রতিনিধি দলের ভিসা বাতিল হওয়ায় অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে।
গত মার্চে উজবেকিস্তানের সঙ্গে ২-২ গোলে ড্র করে সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেয় ইরান। কনকাকাফ সভাপতি ও ফিফার সহ-সভাপতি ভিক্টর মন্টাগ্লিয়ানি আশ্বস্ত করেছেন, বিশ্বকাপের মূল আসরে কোনো সমস্যা হবে না। তার ভাষায়, ‘আমরা আয়োজক তিন দেশের (যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা) সরকারের কাছ থেকে ইতোমধ্যেই আশ্বাস পেয়েছি, যোগ্যতা অর্জনকারী সব দলই অংশ নিতে পারবে।’
এশিয়া কাপের শেষ দুই আসরে সেমিফাইনালে খেলা ইরান এবার টানা চতুর্থবারের মতো ফুটবল বিশ্বকাপে খেলতে যাচ্ছে। এদিকে ভিসা ইস্যু নিয়ে সমালোচনার মুখে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, বিশ্বকাপের ম্যাচ দেখতে ভক্তদের বিপুল ভিসা আবেদনের চাপ সামলাতে অতিরিক্ত কনস্যুলার অফিসার নিয়োগ দেওয়া হবে। এমনকি সরকারী শাটডাউন চলাকালীনও পাসপোর্ট কার্যক্রম চালু থাকবে।
আর্জেন্টিনা দল ঘোষণা; উভয় সংকটে মেসি-ডি পল
প্রথমবার ওয়ানডে দলে সুযোগ পেলেন সাইফ, ফিরলেন সোহানও
১৫ বছরে কিছুই করতে না পারা ব্যক্তিরা এখনও বিসিবিতে কীভাবে, প্রশ্ন আফতাবের 