প্রথম নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে জাপান

আপডেট : ০৪ অক্টোবর ২০২৫, ০১:৫৩ পিএম

জাপানের ক্ষমতাসীন দল এলডিপির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সানায়ে তাকাইচি। সংসদে প্রয়োজনীয় সমর্থন পেলে তিনিই হবেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী। এ অবস্থায় তিনি জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার পথে রয়েছেন।

শনিবার (৪ অক্টোবর) দলের দ্বিতীয় দফার ভোটে সাবেক প্রধানমন্ত্রী জুনিচিরো কোইজুমির ছেলে শিনজিরো কোইজুমিকে পরাজিত করেন ৬৪ বছর বয়সী তাকাইচি। এর আগে প্রথম দফার ভোটে পাঁচ প্রার্থীর কেউই সংখ্যাগরিষ্ঠতা পাননি।

জানা গেছে, ১৫ অক্টোবর সংসদে প্রধানমন্ত্রী নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।

সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তাকাইচি দেশের অর্থনৈতিক নীতিতে বড় রকমের পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। নতুন প্রযুক্তি, অবকাঠামো, খাদ্য উৎপাদন ও অর্থনৈতিক নিরাপত্তার বিভিন্ন ক্ষেত্রে বড় ধরনের রাষ্ট্রীয় বিনিয়োগের মাধ্যমে আগামী এক দশকের মধ্যে অর্থনীতির আকার দ্বিগুণ করার অঙ্গীকার করেছেন তিনি।

এছাড়া, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আগের একটি বিনিয়োগ চুক্তি পুনর্বিবেচনার কথাও ভাবছেন তাকাইচি। চুক্তিটি ট্রাম্পের কঠোর শুল্ক কমানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।

প্রধানমন্ত্রী হলে তাকাইচিকে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। বিশেষ করে জাপানের বয়স্ক জনসংখ্যা বৃদ্ধি, ভূ-রাজনৈতিক অস্থিরতা, দুর্বল অর্থনীতি এবং অভিবাসন নিয়ে বাড়তে থাকা উদ্বেগ মোকাবিলা তার জন্য বড় পরীক্ষা হয়ে দাঁড়াবে।

সেপ্টেম্বরের শুরুতে ক্ষমতাসীন দলের চাপে পদত্যাগ করেন শিগেরু ইশিবা। জুলাইয়ের উচ্চকক্ষের একের পর এক নির্বাচনে পরাজয়ের দায় নিয়ে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন। এরপরই এলডিপি নতুন সভাপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত