নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় খালের পানিতে ডুবে আবদুল মালেক (৭০) নামে এক বৃদ্ধ মারা গেছেন। মালেক চরএলাহী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের গাংচিল এলাকার আবদুল মালেকের বাড়ীর মৃত রুস্তম আলীর ছেলে।
শনিবার (৪ অক্টোবর) সকালে উপজেলার চরএলাহী ইউনিয়নের গাংচিলের ১২নং স্লুইজ খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে শুক্রবার দুপুরে ওই খালের পাশে ঘাস কাটতে গিয়ে নিঁখোজ হন মালেক।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বৃদ্ধ আবদুল মালেক গরুর জন্য খাল পাড়ে ঘাস কাটতে যান। খালে পানি কিছুটা কম ছিল। ঘাসভর্তি বস্তা নিয়ে খাল পার হতে জোয়ারের পানি বেড়ে যায়। মালেক সাতার না জানায়, জোয়ারের পানিতে তলিয়ে যান। পরে শনিবার সকালে স্থানীয় জাফরের জালে মালেকের মরদেহ আটকে যায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
