২০২৫ সালের প্রথম সুপারমুন দেখা যাবে আগামী ৭ অক্টোবর। বাংলাদেশ থেকেও এ দৃশ্য সরাসরি দেখা যাবে। এ সময় চাঁদ তার কক্ষপথে পৃথিবীর সবচেয়ে কাছাকাছি চলে আসবে। ফলে স্বাভাবিকের তুলনায় চাঁদকে বড় ও উজ্জ্বল দেখা যাবে। জ্যোতির্বিদদের ভাষায়, এ সুপারমুনকে বলা হয় ‘হার্ভেস্ট মুন’। এটি প্রতি বছর শরৎ ঋতুর শুরুতে দেখা যায়।
চলতি বছর টানা তিনটি সুপারমুন দেখার সুযোগ মিলবে। এর প্রথমটি হচ্ছে এই অক্টোবরের হার্ভেস্ট মুন।
বিশেষজ্ঞদের মতে, ২০২৫ সালের হার্ভেস্ট মুন শারদ বিষুবের কাছাকাছি সময়ে ঘটবে। বিষুবের সময় সূর্য পৃথিবীর নিরক্ষরেখার ওপর দিয়ে অতিক্রম করে। তখন দিন ও রাতের দৈর্ঘ্য প্রায় সমান হয়। এই সময়ের পূর্ণিমার চাঁদকে সাধারণের তুলনায় বড়, সোনালি-কমলা রঙের ও বেশি উজ্জ্বল মনে হয়। বিশেষ করে দিগন্তের কাছাকাছি থাকা অবস্থায় এমনটি দেখা যায়।
সাধারণত পূর্ণিমার চাঁদ রাতভর ওঠে না। তবে হার্ভেস্ট মুনের সময় চাঁদ স্বাভাবিকের তুলনায় তাড়াতাড়ি ওঠে। একাধিক রাত ধরে আকাশে বড় আকৃতিতে দৃশ্যমান থাকে। বিশেষ করে সন্ধ্যার সময় এটি অনেক বেশি উজ্জ্বল হয়ে ওঠে।
‘হার্ভেস্ট মুন’ নামটির পেছনে রয়েছে ইতিহাস ও কৃষির সঙ্গে জড়িত একটি প্রেক্ষাপট। প্রাচীনকালে বিদ্যুৎ ছিল না। তখন কৃষকেরা ফসল কাটার মৌসুমে সন্ধ্যার পরও চাঁদের আলোয় কাজ করতেন। এই সময় উজ্জ্বল চাঁদের আলো তাঁদের বাড়তি সময় মাঠে কাজ করার সুযোগ দিত। তাই একে ‘হার্ভেস্ট মুন’ বলা হয়।
পাকিস্তান স্পেস অ্যান্ড আপার অ্যাটমোস্ফিয়ার রিসার্চ কমিশন (সুপারকো) অনুসারে, বছরের প্রথম সুপারমুন ৭ অক্টোবর পাকিস্তানসহ সারা বিশ্বে দৃশ্যমান হবে। চাঁদ যখন তার পেরিজিতে পৌঁছাবে, তখন এটি স্বাভাবিকের চেয়ে উল্লেখযোগ্যভাবে বড় ও উজ্জ্বল দেখাবে। তখন চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছের কক্ষপথে থাকে।
সুপারকো কর্মকর্তারা জানিয়েছেন, ৭ অক্টোবরের সুপারমুন গড় পূর্ণিমার চাঁদের চেয়ে ১৪ শতাংশ বড় ও ৩০ শতাংশ উজ্জ্বল দেখাবে। সেই রাতে চাঁদ পৃথিবী থেকে প্রায় ২,২৪,৫৯৯ মাইল (৩৬১,৪০০ কিলোমিটার) দূরে থাকবে।
জ্যোতির্বিদদের ধারণা, দক্ষিণ এশিয়ার আকাশে ৬ ও ৭ অক্টোবর দুই রাতেই এই সুপারমুন দেখা যেতে পারে। বিশেষ করে চাঁদ যখন দিগন্তরেখার কাছাকাছি থাকবে, তখন সেটি আরও বড় ও গাঢ় সোনালি-কমলা রঙের দেখাবে।
সুপারমুন দেখার জন্য কোনো বিশেষ যন্ত্রের প্রয়োজন নেই। খোলা আকাশে দিগন্ত বরাবর তাকালেই এই মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করা যাবে। তবে আলোদূষণবিহীন পরিবেশে এটি সবচেয়ে ভালোভাবে দেখা সম্ভব।
এটি ১১ মাসের মধ্যে প্রথম সুপারমুন হবে। শেষ সুপারমুনটি ২০২৪ সালের নভেম্বরে দেখা গিয়েছিল।
এর পর চলতি বছর ৫ নভেম্বর ও ৫ ডিসেম্বর সুপারমুন দেখা যাবে বলে আশা করা হচ্ছে। চতুর্থটি ২০২৬ সালের জানুয়ারির শুরুতে ঘটবে।
