সালিশ বৈঠকে হাতুড়ি দিয়ে আঘাতের ঘটনায় শ্রমিকের মৃত্যু 

আপডেট : ০৪ অক্টোবর ২০২৫, ০৮:৪০ পিএম

নারায়ণগঞ্জের বন্দরে বিচার সালিশ বৈঠক চলাকালীন সময়ে হাতুড়ি দিয়ে মাথায় আঘাতে নিহত হয়েছেন হোসিয়ারী শ্রমিক আলমগীর হোসেন (৫০)। শনিবার (৪ অক্টোবর) রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আলমগীর মৃত্যুবরণ করেন। নিহত হোসিয়ারী শ্রমিক আলমগীর হোসেন বন্দর শাহী মসজিদ এলাকার মৃত সোহবান  মিয়ার ছেলে  ও মালেক সিকদারের বাড়ির ভাড়াটিয়া।

জানা গেছে, বন্দর শাহীমসজিদ এলাকার হোসিয়ারী শ্রমিক আলমগীরের ছেলে মুন্নার সাথে একই থানার স্বল্পের চক এলাকার বাচ্চু মিয়ার ছেলে জুয়েলের সাথে টাকা ও মোটরসাইকেল নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে গত শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যায় বন্দর থানার সালেহনগরস্থ জনৈক রহিম মিয়ার বাড়ির সামনে বিচার সালিশ বসে। সালিশের মধ্যে মুন্নার পিতা আলমগীরের সাথে জুয়েলের কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে জুয়েল উত্তেজিত হয়ে আলমগীরের মাথায় হাতুড়ি দিয়ে সজোরে আঘাত করে গুরুতর জখম করে। পরবর্তীতে তাকে মুমুর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।

এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, লাশ ঢামেক হাসপাতালের মর্গে রয়েছে। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত