কুমিল্লায় কাঁচা মরিচের ঝালে দিশেহারা ক্রেতারা

আপডেট : ০৪ অক্টোবর ২০২৫, ০৯:০৫ পিএম

কুমিল্লার নাঙ্গলকোটে পাইকারি সবজির বাজারে কাঁচা মরিচের দাম হঠাৎ বেড়ে কেজিপ্রতি ৪০০ টাকায় উঠেছে। কয়েক দিনের ব্যবধানে মরিচের দাম কেজিতে ৫০ থেকে ৬০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় নাঙ্গলকোট পৌর বাজার ঘুরে দেখা যায়, পাইকারি বাজারে কাঁচা মরিচের কেজি ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। কয়েক দিন আগেও এ দামের পরিমাণ ছিল ২৪০ টাকা। ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ কমে যাওয়ায় মরিচের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। পাশাপাশি জেলার সব পাইকারি সবজির বাজারে কাঁচা মরিচের দাম এমনটাই বলে খবর পাওয়া যায়।

মরিচের পাশাপাশি অন্যান্য সবজির দামও বেড়েছে। বাজারে বর্তমানে পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৬৫ টাকায়, যা এক সপ্তাহ আগেও ছিল ৫৮ টাকা। মুলা ৬০, করলা ৮০, পেঁপে ২৫, শশা ৪০, পটল ৭০ এবং আলু ২৫ টাকায় বিক্রি হচ্ছে। শীতকালীন আগাম সবজির দামও বেশি। প্রতি কেজি সজনে বিক্রি হচ্ছে ১৫০ টাকায়, শিম ১৪০, গাজর ১২০ এবং টমেটো ১৫০ টাকায়।

বাজারে আসা ক্রেতা আবু জাফর বলেন, কয়েক সপ্তাহ ধরে সবজির দাম লাগামছাড়া হয়ে যাচ্ছে। পাইকারি বাজারে দাম বেশি থাকায় খুচরা বাজারেও তার প্রভাব পড়ছে। আমরা সাধারণ ক্রেতারা এখন দিশেহারা।

পাইকারি ব্যবসায়ী জামাল বলেন, সরবরাহ কমে যাওয়ায় মরিচসহ অনেক সবজির দাম বেড়েছে। ক্রেতার চাপ থাকলেও আমরাও উচ্চ দামে কিনছি। পূজার ছুটির পর এলসি (লেটার অব ক্রেডিট) খোলা হলে দাম কিছুটা কমে আসবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত