সীতাকুণ্ডে পাহাড়ি এলাকা দখল নিয়ে সংঘর্ষ, নিহত ১ গুলিবিদ্ধ ২৫

আপডেট : ০৫ অক্টোবর ২০২৫, ০৩:৩৭ পিএম

সীতাকুণ্ডের জঙ্গল ছলিমপুর পাহাড়ি এলাকা দখলে নেওয়া কেন্দ্র করে ইয়াছিন গ্রুপের সঙ্গে রোকন-গফুর ও সরোয়ার বাবলার বাহিনীর সন্ত্রাসী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ব্যাপক গোলাগুলির হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে ঘটনার পরে রোকন বাহিনীর অনেক সদস্য নিখোঁজ রয়েছে।

গুলিবিদ্ধ হয়ে রোকন বাহিনীর একজন মারা যাওয়ার তথ্য পুলিশ নিশ্চিত করলেও তার পরিচয় জানাতে পারেনি। এছাড়া উভয় গ্রুপের ২৫জন গুলিবিদ্ধ হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা যায়।

শনিবার ভোররাতে উপজেলার জঙ্গল ছলিমপুর শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন বাহিনীর নিয়ন্ত্রণাধীন আলিনগর এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধদের মধ্যে রয়েছেন, জাবেদ (৩৮), জাকির (৪৮), তানভীর (২৩), সিরাজুল ইসলাম (৪৩), ফজলুল করিম, ইসমাইল হোসেন বাবু(৩০) জাহিদুল ইসলাম (১৯), সৌরভ বড়ুয়া (১৭) মো. পারভেজ (২০), নুরুল আলম (৪০), শুক্কুর আলম (২২), রায়হান (১৮), শামীম (২৯)।

তবে ইয়াছিন বাহিনীর কতজন গুলিবিদ্ধ হয়েছে তার তথ্য জানা যায়নি। আহতদের মধ্যে অনেকে ওয়ারেন্টভুক্ত আসামি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোররাতে স্থানীয় ছলিমপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রোকন মেম্বার ও গোলাম গফুরের নেতৃত্বে ছলিমপুর, ফৌজদারহাটট, আল মদিনা, সিডিএ, ফকিরহাট, বাংলাবাজার, শেরশাহ এলাকার শতাধিক অস্ত্রধারী জঙ্গলছলিমপুর আলিনগর দখল করতে যায়। এসময় আলিনগর দখলে থাকা ইয়াছিন বাহিনী তাদের প্রতিরোধে এগিয়ে আসে। এতে দুই পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজন নিহত ও কমপক্ষে ১৬ জন গুলিবিদ্ধ হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, জঙ্গল ছলিমপুরে সংঘর্ষের ঘটনায় একজন নিহত। আহত হয়েছেন ১৬ জন। আহতদের চমেক হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার পর রোকন বাহিনীর একাধিক সদস্য নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার লাবিব আবদুল্লাহ বলেন, দুই গ্রুপের সংঘর্ষে একজন মারা গেছে। তবে তার নাম পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। গুলিবিদ্ধ ১৩ জনের নাম নিশ্চিত হওয়া গেছে বলে জানান তিনি।

উল্লেখ্য, বিগত ২০২১ সালে পুলিশ র‌্যাবসহ সরকারের একাধিক আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল পরিমাণ সদস্য ইয়াসিনের দখলে থাকা আলিনগরের সরকারি জমি উদ্ধার চেষ্টা করে ব্যর্থ হয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর ওপর ব্যাপক হামলা চালায় ইয়াসিন বাহিনী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত