চট্টগ্রামের সীতাকুণ্ডে জুয়ার আসরে অভিযান চালিয়ে তিনজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তবে অভিযানের সময় ধরা পড়ে এক হৃদয়বিদারক ঘটনা। এক ব্যক্তি নিজের শিশুকন্যার গয়না নিয়ে জুয়া খেলতে এসেছিলেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১৫ মে) দিবাগত রাত আনুমানিক ১২টা ১৫ মিনিটে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের গামারীতল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফখরুল ইসলাম। অভিযানে জুয়া খেলার দায়ে তিনজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অভিযানসংশ্লিষ্ট সূত্র জানায়, জুয়াড়িদের তল্লাশির সময় এক ব্যক্তির কাছ থেকে কয়েকটি স্বর্ণালংকার পাওয়া যায়। প্রথমে তিনি অলংকারগুলোর বিষয়ে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দিলেও পরে স্বীকার করেন, সেগুলো তার মেয়ের।
বিষয়টি জানার পর ভ্রাম্যমাণ আদালত মানবিক দিক বিবেচনায় অলংকারগুলো জব্দ না করে শিশুটির স্বার্থে তার বাবার কাছেই ফেরত দেয়। তবে কর্মকর্তারা জুয়ার ভয়াবহ সামাজিক প্রভাব নিয়ে কঠোর সতর্কবার্তা দেন।
অভিযান পরিচালনাকারীরা বলেন, জুয়া শুধু অর্থনৈতিক ক্ষতির কারণ নয়, এটি পরিবার ও সামাজিক বন্ধনও ধ্বংস করে দেয়। অনেক সময় মানুষ নেশার বশে নিজের দায়িত্ববোধ পর্যন্ত হারিয়ে ফেলে।
স্থানীয়দের ভাষ্য, সন্তানের গয়না জুয়ার আসরে নিয়ে যাওয়ার ঘটনা এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। অনেকেই এটিকে পারিবারিক ও সামাজিক অবক্ষয়ের ভয়াবহ উদাহরণ হিসেবে দেখছেন।
টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত