শিবালয়ে জমি দখল, নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার

আপডেট : ০৫ অক্টোবর ২০২৫, ০৬:৩১ পিএম

মানিকগঞ্জের শিবালয় উপজেলার বরংগাইল গ্রামে জমি দখলের চেষ্টা ও দলীয় নেতার নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যাক্তি আব্দুল আলিম (৪৮) উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বলে মামলায় উল্লেখ রয়েছে। রবিবার তাকে আদালতে চালান দেওয়া হয়েছে।

থানায় দায়ের করা মামলায় উল্লেখ করা হয়েছে, বরংগাইল গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে আব্দুল আলিম তার ভাই আব্দুল হক ও আরও ৩-৪ জন সহযোগী মিলে স্থানীয় ব্যবসায়ী আব্দুর রফিকের জমি দখলের চেষ্টা চালান।

অভিযোগে বলা হয়, রফিকের সঙ্গে মৃত মান্নানের জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হওয়ার পর ২০২২ সালের ২২ অক্টোবর আদালত ৭ শতাংশ জমি রফিকের অনুকূলে বিজ্ঞ আদালত দখল বুঝিয়ে দেয়। প্রায় ৪০ বছর ধরে উক্ত জমি রফিকের দখলে রয়েছে।

কিন্তু আদালতের আদেশ অমান্য করে আলিম দলবল নিয়ে রফিকের জমি দখলের চেষ্টা এবং তার ভাই মানিকগঞ্জ–১ আসনে জামায়াতে ইসলামী প্রার্থী ডা. আবু বক্কর সিদ্দিকের নির্বাচনী অফিস ভাঙচুর করে।

এ ঘটনায় থানায় মামলা হলে পুলিশ আব্দুল আলিমকে গ্রেপ্তার করে রবিবার আদালতে পাঠায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত