ক্লাবের ব্যস্ততা শেষে দেশে ফিরলেন হামজা চৌধুরী

আপডেট : ০৬ অক্টোবর ২০২৫, ০২:০৭ পিএম

হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে আজ বাংলাদেশে এসেছেন হামজা চৌধুরী। হংকং ম্যাচ উপলক্ষে গত ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে হাভিয়ের ক্যাবরেরার অনুশীলন। তবে লেস্টার সিটির সঙ্গে ব্যস্ততার কারণে সেই ক্লাসে যোগ দিতে পারেননি সবচেয়ে বড় তারকা হামজা চৌধুরী। অবশেষে তিনি ঢাকায় পা রেখেছেন।

হামজা চৌধুরীর আগমন উপলক্ষে আজ সোমবার সকাল থেকেই ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে অপেক্ষায় ছিলেন সাংবাদিকরা। সকাল সাড়ে ১১টায় ভিআইপি গেট দিয়ে বের হন হামজা। এরপর সাংবাদিকদের উদ্দেশ্যে দূর থেকেই হাত নেড়ে অভিবাদন জানান। পরে পুলিশ পাহারায় বাফুফের একটি গাড়িতে উঠে যান ইংলিশ প্রিমিয়ার লিগের এই তারকা।

এক ভিডিওবার্তায় হামজা বলেছেন, ‘আসসালামু আলাইকুম। ইনশা আল্লাহ আমরা সাক্সেসফুল হবো। ৯ তারিখ আমরা হংকংয়ের সাথে খেলতে নামবো। ইনশা আল্লাহ সবাই আমাদের সাপোর্ট দেবেন।’

আগামী ৯ অক্টোবর ঢাকা জাতীয় স্টেডিয়ামে হংকংকে আতিথ্য দেবে জামাল ভূঁইয়ারা। এরপর ১৪ অক্টোবর যাবে হংকংয়ের মাঠে খেলতে। এশিয়ান কাপ বাছাইয়ে এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে ১ পয়েন্ট নিয়ে টেবিলের ৩ নম্বরে আছে বাংলাদেশ। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ২ নম্বরে আছে হংকং। সমান পয়েন্ট নিয়ে ১ গোলে এগিয়ে থাকায় শীর্ষে সিঙ্গাপুর। বাংলাদেশের সমান ১ পয়েন্ট নিয়ে ভারত আছে সবার নিচে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত