মাদারীপুরে এক অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর মেজরের জনসভায় হামলার ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, প্রতিপক্ষ বিএনপি নেতার সমর্থকদের বিরুদ্ধে।
এ হামলায় পুলিশ-সাংবাদিকসহ আহত হয়েছেন অন্তত ১৫ জন।
সোমবার (৬ অক্টোবর) দুপুর একটার দিকে জেলার কালকিনি উপজেলা চত্ত্বরে মাদারীপুর-৩ (কালকিনি, ডাসার ও সদরের একাংশ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি সেনাবাহিনীর মেজর (অব.) রেজাউল করিম রেজার জনসভায় এ ঘটনা ঘটে।
এ হামলার ঘটনায় তার প্রতিপক্ষ বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশি আনিসুর রহমান খোকন তালুকদারকে দোষারোপ করা হয়েছে।
এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে রেজাউল করিম রেজা তার ভেরিফাইড আইডিতে একটি পোস্ট করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কালকিনি উপজেলা চত্ত্বরে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এক জনসভার আয়োজন করেন সেনাবাহিনীর মেজর (অব.) রেজাউল করিম রেজা।
এই জনসভায় লাঠিসোঁটা নিয়ে হঠাৎ অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে পুলিশ।
এ হামলার ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চাতক চাকমা, কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোহাম্মদ সোহেল রানা, স্থানীয় সাংবাদিক ইব্রাহিম সবুজসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
পরে আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। এ ঘটনার পর উপজেলা চত্ত্বরে থমথমে অবস্থা বিরাজ করছে।
পরিস্থিতি শান্ত রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। তবে হামলার ঘটনাটি কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকনের সমর্থকেরা ঘটিয়েছে বলে জানা গেছে।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চাইলাউ মারমা জানান, সমাবেশে হামলার খবর পেয়ে পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে।
পরে পুলিশের ওপরও হামলার ঘটনা ঘটেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
