বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রবারণা পূর্ণিমা শুধুই বৌদ্ধ ধর্মাবলম্বীদের অনুষ্ঠান নয়, এটি একটি উৎসব।
আজ আমরা সবাই এখানে জমায়েত হয়েছি, এবং এই উৎসব সকলের জন্য। আমি আনন্দিত যে চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালন করা হচ্ছে। এটাই বাংলাদেশের স্বার্থকতা। ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশি।
সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় নগরীর বৌদ্ধ মন্দির চত্বরে সম্মিলিত প্রবারণা পূর্ণিমা উদযাপন পরিষদের উদ্যোগে প্রবারণা পূর্ণিমার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উদযাপন পরিষদের সভাপতি প্রাক্তন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রিটন কুমার বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য শামসুল আলম।
এ সময় আমীর খসরু বলেন, আমরা সবাই মিলে আমাদের ধর্ম ও ইতিহাসকে সম্মান জানিয়ে বাংলাদেশি হিসেবে ঐক্যবদ্ধ। আমরা একসাথে এগিয়ে যাচ্ছি। তিনি বলেন, আগামীর বাংলাদেশে আজকের অনুষ্ঠানের মাধ্যমে যা দেখা যাচ্ছে, তা আমাকে অত্যন্ত আনন্দিত করেছে। আমরা জাতীয়তা ও ঐক্যের মাধ্যমে দেশ গড়ার চিন্তা করছি, এবং আজকের উৎসব আমাকে সেই পথে অনুপ্রাণিত করছে।
বিশেষ অতিথির বক্তব্যে সিটি মেয়র শাহাদাত হোসেন বলেন, আমার লক্ষ্য এই শহরকে ক্লিন, গ্রীন, হেলদি অ্যান্ড সেফ সিটি হিসেবে গড়ে তোলা। এজন্য সব ধর্ম, বর্ণ, জাতি ও গোষ্ঠীর মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন, যাতে আমরা সবাই মিলে একটি সুন্দর ও নিরাপদ নগরী গড়ে তুলতে পারি।
এতে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন জামান, ইয়াছিন চৌধুরী লিটন, প্রবারণা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অমরেশ বড়ুয়া চৌধুরী, অনুষ্ঠানের প্রধান সমন্বয়কারী ও বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বাবু রুবেল বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ সমিতির নির্বাহী সদস্য ও চসিকের প্রাক্তন নির্বাহী প্রকৌশলী অসীম বড়ুয়া, উদযাপন পরিষদের সদস্য প্রকৌশলী রনি বড়ুয়া চৌধুরী, তাপস বড়ুয়া, নন্দন বড়ুয়া সাজু, কমল জ্যোতি বড়ুয়া, সজল বড়ুয়া, সুমন বড়ুয়া, জুয়েল বড়ুয়া, কল্লোল বড়ুয়া, প্রকৌশলী চয়ন বড়ুয়া, সুজন কান্তি বড়ুয়া, সৌরভ চৌধুরী, পিয়াল বড়ুয়া রোহান, উদাস বড়ুয়া দোলন প্রমুখ।
