ঢাকায় আজ বাড়তে পারে তাপমাত্রা

আপডেট : ০৭ অক্টোবর ২০২৫, ০৮:৩১ এএম

রাজধানী ঢাকায় আজ (মঙ্গলবার) তাপমাত্রা কিছুটা বেড়ে যেতে পারে। তবে দিনের মধ্যেই হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ মঙ্গলবার (০৭ অক্টোবর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য প্রকাশিত ঢাকা ও আশপাশের এলাকার পূর্বাভাসে অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানায়, দিনের প্রথম ভাগে আকাশ আংশিক মেঘলা থাকবে। একই সঙ্গে হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। তাপমাত্রা সামান্য বাড়লেও আবহাওয়া গরম ও আর্দ্র অনুভূত হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, দক্ষিণ ও দক্ষিণ–পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয় ২৬ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৩ শতাংশ। গতকাল সোমবার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় নগরে সামান্য বৃষ্টিপাত রেকর্ড হয়েছে বলে জানিয়েছে অধিদপ্তর।

অন্যদিকে, সোমবার রাতে প্রকাশিত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আজ সন্ধ্যা ৬টার মধ্যে সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

পূর্বাভাসে আরও জানানো হয়, দেশের কিছু অঞ্চলে মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে। তবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত