যাত্রাবাড়ীতে ছিনতাইকারীর হামলার শিকার শিক্ষার্থী

আপডেট : ০৭ অক্টোবর ২০২৫, ১০:১৯ এএম

রাজধানীর যাত্রাবাড়ী শনিরআখড়ায় এক কলেজছাত্রকে কুপিয়ে আহত করে টাকা ও ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আবাবিল আদিত্য আল ইসলাম (২২) নামে ওই শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) রাত আড়াইটার দিকে এই ঘটনা ঘটে। 

আদিত্যকে হাসপাতালে নিয়ে আসা তার গ্রামের প্রতিবেশী আলিফ হোসেন রোহান জানান, আদিত্যর বাড়ি কিশোরগঞ্জের সদর উপজেলার বয়লা গ্রামে। তিনি কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র। তবে বর্তমানে থাকতেন যাত্রাবাড়ীর শনিরআখড়া এলাকায়। সেখানে গত ১ বছর ধরে আইইএলটিএস করছিলেন।

রোহান জানান, গতরাতে আদিত্য একটি নাম্বার থেকে তাকে কল করে জানান, শনিরআখড়ায় তাকে ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে। তখন তিনি ঘটনাস্থলে গিয়ে আদিত্যকে হাসপাতালে নিয়ে আসেন। এরপর জানতে পারেন, নিজের ঔষধ কেনার জন্য রাতে বাসা থেকে বের হয়ে শনিরআখড়া আন্ডারপাস ব্রিজের নিচ দিয়ে যাচ্ছিলেন আদিত্য। তখন দুই কিশোর তার পথরোধ করে তার কাছে কি আছে বের করে দিতে বলে। প্রথমে তিনি দিতে অস্বীকৃতি জানালে তাদের সাথে ধস্তাধস্তি হয় আদিত্যর। এ সময় পাশ থেকে আরও তিন যুবক এসে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। তার সঙ্গে থাকা একটি আইফোন 16 প্রো ও S20 আলট্রা ফোন ছিনিয়ে নিয়ে যায়। এছাড়া তার সাথে থাকা কিছু টাকাও ছিনিয়ে নেয় তারা। 

এদিকে চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, ওই যুবককে ভোরে হাসপাতালে নিয়ে আসা হয়। তিনি বর্তমানে জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি যাত্রাবাড়ী থানা পুলিশকে জানানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত