ধর্ম নিয়ে কটুক্তি করার অভিযোগে ময়মনসিংহে কবি, সংস্কৃতিকর্মী ও গ্রাফিক্স ডিজাইনার শামীম আশরাফকে (৩৮) গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। তিনি নগরীর দুর্গাবাড়ী রোড এলাকায় ‘গ্রাফিটি’ নামে একটি মুদ্রণ শিল্প প্রতিষ্ঠানের মালিক এবং ‘পরম্পরা’ সাংস্কৃতিক সংগঠনের সভাপতি।
মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে সাইবার সুরক্ষা ও দণ্ডবিধি আইনে দায়ের করা মামলায় তাকে ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে সোমবার রাত পৌনে ১০টার দিকে নগরীর আমলাপাড়া এলাকা থেকে ডিবি পুলিশ তাকে আটক করে।
মামলার বাদী ইয়াসিন আরাফাত গণমাধ্যমকে বলেন, বেহেশত নিয়ে শামীম আশরাফের অবমাননাকর মন্তব্যে মুসলিম সমাজ মারাত্মকভাবে আহত হয়েছে। এটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা চলছে। তাই আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তার উপযুক্ত শাস্তির দাবিতে থানায় লিখিত অভিযোগ দিয়েছি।
জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-দক্ষিণ) মহিদুল ইসলাম বলেন, ‘শামীম আশরাফ সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্ম অবমাননাকর মন্তব্য করায় বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। অভিযোগ পাওয়ার পর আমরা তাকে আটক করে থানায় হস্তান্তর করেছি।’
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম বলেন, ‘সংশ্লিষ্ট মামলায় আসামিকে মঙ্গলবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।’
উল্লেখ্য, সোমবার দুপুরে শামীম আশরাফ নিজের ফেসবুকের একটি পোস্টে ‘শামীম চৌধুরী’ নামে এক ব্যক্তির মন্তব্যের জবাবে বেহেশত নিয়ে কটুক্তি করেন। পরে ওই মন্তব্যটি ভাইরাল হলে ধর্মপ্রাণ মানুষ ফেসবুকে তার গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়ে স্ট্যাটাস দিতে থাকেন।
