জামায়াত আমিরের সঙ্গে আলজেরিয়া রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আপডেট : ০৯ অক্টোবর ২০২৫, ০৭:৪১ এএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত মি. আবদেল ওহাব সাইদানি সৌজন্য সাক্ষাৎ করেছেন। গতকাল বুধবার দুপুর ১২টায় রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে এ সাক্ষাৎ হয়। রাষ্ট্রদূত বৈঠকের শুরুতেই জামায়াত আমির ডা. শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তার দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন।

জামায়াত নেতারা জানিয়েছেন, বৈঠকে তারা বাংলাদেশের সার্বিক পরিস্থিতি, দুই দেশের পারস্পরিক সম্পর্ক, বিশেষ করে গণতন্ত্র টেকসইকরণ, বিনিয়োগ ও কূটনৈতিক বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। ভবিষ্যতে উভয় পক্ষ দুই দেশের উন্নয়ন, অগ্রগতি ও দ্বিপক্ষীয় সম্পর্ক আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

ইসিতে দলের ব্যাংক হিসাব ও গঠনতন্ত্র জমা : আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার ১ মাস পর দলের ব্যাংক হিসাব নম্বর  ইসিতে জমা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একইসঙ্গে গঠনতন্ত্রও জমা দিয়েছে দলটি। গত মঙ্গলবার দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনে গিয়ে এসব জমা দেন।

এর আগে গত ১২ সেপ্টেম্বর ইসিতে আয়-ব্যয়ের হিসা জমা দেয় জামায়াতে ইসলামী। তবে সে সময় ব্যাংক অ্যাকাউন্টের  কোনো তথ্য জমা দেয়নি। মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত হিসাব বিবরণী থেকে জানা গেছে, জামায়াতের কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই। ২০২৪ সালে দলটির আয় দেখানো হয়েছে ২৮ কোটি ৯৭ লাখ ২৯৯ টাকা এবং ব্যয় ২৩ কোটি ৭৩ লাখ ৩৮ হাজার ১৭৭ টাকা।

চিঠিতে জামায়াতে ইসলামী জানায়, ২০১৩ সালে নিবন্ধন বাতিল হওয়ার পর থেকে প্রতিকূল পরিস্থিতির কারণেই তারা কার্যকরভাবে কোনো ব্যাংক হিসাব পরিচালনা করতে পারেনি।

গঠনতন্ত্র সংক্রান্তব্যাখ্যায় জানানো হয়, বিগত ২০১৯ সালের ২৪ সেপ্টেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীর গঠনতন্ত্রের ২২তম সংশোধনী যথাযথ প্রক্রিয়ায় কেন্দ্রীয় কাউন্সিলে অনুমোদিত হয়েছে। এটিই সর্বশেষ সংশোধনী, যার কপি চলতি বছরের ৩০ জুলাইয়ের নির্বাচন কমিশনে দাখিল করা হয়েছিল। কমিশনের অবগতির জন্য সংশোধিত গঠনতন্ত্রের আরও একটি কপি পুনরায় দাখিল করা হয়েছে বলে চিঠিতে জানানো হয়।

এর আগে নির্বাচন ভবনে সাংবাদিকের প্রশ্নের জবাবে দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেছিলেন, গত ১৫ বছর আমরা বাড়িঘরে থাকতে পারি নাই। ব্যাংক হিসাব খুলতে যাব কেন? ব্যাংক হিসাব খুলতে যদি যেতাম, আয়নাঘরে ঢুকতে হতো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত