ময়মনসিংহের মুক্তাগাছায় ভ্যানচালক জাহিদুল ইসলাম হত্যা মামলায় সোহেল রানাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল রানা মুক্তাগাছার মণ্ডলসেন পশ্চিমপাড়ার চান মিয়ার ছেলে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সামছুদ্দিন অভিযুক্ত সোহেল রানার উপস্থিতিতে এ আদেশ দেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ১৭ সেপ্টেম্বর দুপুরে ময়মনসিংহের মুক্তাগাছার মণ্ডলসেন পশ্চিমপাড়ার রফিকুল ইসলামের ছেলে ভ্যানচালক জাহিদুল ইসলাম প্রতিদিনের মতো ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। রাতে বাড়ি না ফিরলে জাহিদের মোবাইল ফোনে যোগাযোগ করলে সেটি বন্ধ পান পরিবারের সদস্যরা।
রাতে খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান না পেলে পরদিন সকালে এলাকাবাসী জানতে পারে, একটি খালের মধ্যে গলায় ছুরি দিয়ে কাটা এক ব্যক্তির লাশ পড়ে আছে।
পরিবারের সদস্যরা গিয়ে লাশটি জাহিদুল ইসলামের বলে শনাক্ত করেন। পরে নিহতের বাবা রফিকুল ইসলাম মুক্তাগাছা থানায় হত্যা মামলা করলে পুলিশ তদন্তের পর সোহেল রানাকে গ্রেপ্তার করে।
অভিযুক্ত সোহেল রানার জবানবন্দি, ২০ জন সাক্ষীর সাক্ষ্য ও উভয় পক্ষের আইনজীবীর জেরা-তর্ক শেষে আদালত এ রায় দেন। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন আবুল কালাম আজাদ এবং আসামিপক্ষের পক্ষে ছিলেন মো. শহীদুল হক শহীদ।
