শাপলা প্রতীক ছাড়া এনসিপি নিবন্ধন মানবে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী। আজকের আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, প্রতীক নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। আমরা আশাবাদী।
আজ বৃহস্পতিবার বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনে সিইসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।
তিনি বলেন, যদি আমাদের শাপলা প্রতীক না দেওয়া হয় তবে আমরা আন্দোলন চালিয়ে যাব। শাপলা আমাদের অধিকার। অন্য কোনও প্রতীকে এনসিপির নিবন্ধন হোক আমরা এটা চাই না।
পাটোয়ারী বলেন, আমরা আজ প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক করেছি। আড়াই ঘণ্টার বৈঠকে সিইসি দুই ঘণ্টা নিশ্চুপ ছিলেন। এই দুই ঘণ্টা প্রধান নির্বাচন কমিশনার কোনো কথা বলেননি।
তিনি আরও বলেন, শাপলা প্রতীক হিসেবে নিতে আইনি বা রাজনৈতিক বাধা নেই। অদৃশ্য শক্তির হাত রয়েছে। নির্বাচন কমিশন কোনো আইনি বা রাজনৈতিক ব্যাখ্যা দিতে পারেননি, কেন তারা দেবেন না শাপলা। এনসিপি নিবন্ধন মানবে না শাপলা ছাড়া। এই নিয়ে নির্বাচন বাধাগ্রস্ত হলে এর দায় থাকবে কিছুটা নির্বাচন কমিশনেরও।
