প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, আসন্ন ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই। এ সংশয় ধুয়েমুছে গেছে। দলগুলো নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। শুক্রবার (১০ অক্টোবর) বিকালে ময়মনসিংহ প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময়সভায় এসব কথা বলেন তিনি।
এর আগে ময়মনসিংহ থেকে হালুয়াঘাট সড়ক দিয়ে যাওয়ার সময় তিনি নির্বাচনের পূর্বপ্রস্তুতির চিত্র পথে পর্যবেক্ষণ করেন।
শফিকুল আলম বলেন, ‘অনেক বছর পর আমরা একটা রিয়েল ইলেকশন দেখব। বিগত ১৬ বছর হাসিনার আমলে আমরা ফেক ইলেকশন দেখেছি। আমরা সেই জায়গা থেকে সরে এসেছি। এবার ইতিহাসের অন্যতম একটা বেস্ট ইলেকশন হবে।’
তিনি বলেন, ‘ইতিমধ্যে নির্বাচনী আমেজ শুরু হয়েছে। হালুয়াঘাটে দেখেছি নেতাদের পোস্টার। দলগুলো যখন দুই-তিন সপ্তাহ পর থেকে প্রার্থীদের নাম দেওয়া শুরু করবেন। তখন আরো নির্বাচনী পরিবেশ জমজমাট হয়ে উঠবে।’
জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর মাঝে কোনো বড় ধরনের সমস্যা নেই বলে জানান তিনি।
