চাঁদাবাজি, দখলদারিত্ব, সিন্ডিকেট ও দুর্নীতিসহ নানা অপরাধের বিরুদ্ধে পঞ্চগড় জেলা জুড়ে লংমার্চ শুরু করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
শনিবার দুপুর ১২টার দিকে পঞ্চগড় চিনিকল মাঠে থেকে শুরু হয় এই লংমার্চ। সেখান থেকে মোটরসাইকেলের বিশাল বহর নিয়ে নেতাকর্মীরা উপজেলা সদরের বিভিন্ন ইউনিয়নে লংমার্চ করেন। পথে কয়েকটি স্থানে পথসভা করার কথা জানান এনসিপি নেতারা।
এর আগে সকাল ১০ টা থেকে আটোয়ারী, বোদা, দেবীগঞ্জ ও সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল শোডাউন করে চিনিকল মাঠে জড়ো হন এনসিপি নেতাকর্মীরা।
লংমার্চের অংশ হিসেবে বিকালে তেঁতুলিয়া এবং রাত ৯টার দিকে জেলা শহরের শেরে বাংলা পার্ক চত্বরে সমাবেশসহ সাংবাদিকদের সাথে কথা বলবেন বলে জানান সারজিস আলম।
লংমার্চের শুরুতে সারজিস আলম নিজে একটি পিকআপ ভ্যানে চড়ে অংশ নেন এবং চাঁদাবাজি, দখলদারিত্ব, সিন্ডিকেট ও দুর্নীতির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
লংমার্চটি পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজলদিঘী, চাকলাহাট, হাড়িভাসা, হাফিজাবাদ, অমরখানা, সাতমেরা, তেঁতুলিয়া উপজেলার দেবনগর, ভজনপুর, বুড়াবুড়ি, শালবাহান, তেঁতুলিয়া ও তিরনইহাট ইউনিয়ন অতিক্রম করে বাংলাবান্ধা ইউনিয়নে গিয়ে শেষ হবে। পথিমধ্যে তেঁতুলিয়া চৌরাস্তায় প্রথম পথসভা এবং বাংলাবান্ধা ইউনিয়নের সিপাইপাড়া বাজারে দ্বিতীয় পথসভা অনুষ্ঠিত হবে। উভয় পথসভায় বক্তব্য দেবেন সারজিস আলম।
প্রায় ১৬৫ কিলোমিটার দীর্ঘ এ লংমার্চে জেলার পাঁচ উপজেলার এনসিপি নেতাকর্মীরা অংশ নেন। তাদের হাতে ছিল দুর্নীতিবিরোধী নানা স্লোগান লেখা ব্যানার ও প্ল্যাকার্ড।
লংমার্চ শেষে বাংলাবান্ধা থেকে পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড়ে জুলাই স্মৃতি স্তম্ভে সমাপনী বক্তব্য দেবেন সারজিস আলম।
