মার্কিন বিস্ফোরক কারখানায় ভয়ংকর বিস্ফোরণ, নিহত বেড়ে ১৬

আপডেট : ১২ অক্টোবর ২০২৫, ১১:৪৭ এএম

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের বাক্সনর্ট শহরে একটি বিস্ফোরক কারখানায় গত শুক্রবার (১০ অক্টোবর) ভয়াবহ বিস্ফোরণ ঘটে। 

স্থানীয় কর্তৃপক্ষ শনিবার জানায়, এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে।

একিউরেট এনার্জেটিক সিস্টেমস নামের প্রতিষ্ঠানটির মালিকানাধীন এই কারখানাটি সামরিক ও ধ্বংসাত্মক কাজে ব্যবহার্য বিস্ফোরক তৈরি করত।

বিস্ফোরণের তীব্রতায় কারখানার একটি ভবন সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়। বিস্ফোরণের আঘাতে কয়েক মাইল দূরের বাড়িঘরও কেঁপে ওঠে এবং ধ্বংসাবশেষ বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে।

প্রাথমিকভাবে ১৮ জনের মৃত্যুর আশঙ্কা করা হলেও হামফ্রিস কাউন্টির শেরিফ ক্রিস ডেভিস স্পষ্ট করেন, নিহতদের মধ্যে দুজন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। তাদের গাড়ি ও ব্যক্তিগত জিনিসপত্র পাওয়ায় প্রাথমিকভাবে ভুলবশত তাদের মৃত বলে ধরা হয়।

কোম্পানিটি এক বিবৃতিতে ঘটনাটিকে ‘মর্মান্তিক দুর্ঘটনা’ আখ্যা দেয়। তবে আইনপ্রয়োগকারী সংস্থা ব্যুরো অব অ্যালকোহল, টোবাকো, ফায়ারআর্মস অ্যান্ড এক্সপ্লোসিভসের (এটিএফ) কর্মকর্তা ব্রাইস ম্যাকক্রাকেন সাংবাদিকদের জানান, বিস্ফোরণের উৎস ও কারণ অনুসন্ধানে কর্তৃপক্ষ এ পর্যন্ত তেমন অগ্রগতি অর্জন করতে পারেনি।

হামফ্রিস কাউন্টি শেরিফ ক্রিস ডেভিস নিশ্চিত করেন, কর্তৃপক্ষ অত্যন্ত সতর্কতার সঙ্গে ধীরগতিতে ঘটনাস্থলে কাজ করছে এবং কোনো বিপদের আভাস পেলেই বোমাবিষয়ক প্রযুক্তিবিদদের ডাকা হচ্ছে। নিহতদের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষা করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত