চিফ প্রসিকিউটর

সেনা হেফাজতে থাকাদের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি

আপডেট : ১২ অক্টোবর ২০২৫, ০৩:২৪ পিএম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, গুমের মামলায় সেনা হেফাজতে থাকাদের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনকিছু জানানো হয়নি। 

রবিবার (১২ অক্টোবর) দুপুরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, গুমের মামলায় অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছেছে।

তাজুল ইসলাম বলেন, গুমের মামলায় হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের বিষয়ে আইনি কোনো মতামত চাইলে দেয়া হবে। তবে আইনের সাধারণ বিধান হচ্ছে আসামি গ্রেপ্তারের ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজির করতে হয়। এরপর সিদ্ধান্ত নেবেন আদালত।

তাজুল ইসলাম আরও জানান, আদালতে তাদের উপস্থাপিত যুক্তিতর্ক সরাসরি সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রচারের সময় হঠাৎ করেই অফিসিয়াল ফেসবুক পেজটিতে সমন্বিত সাইবার হামলা চালানো হয়। এতে পেজটি কিছুক্ষণের জন্য অকার্যকর হয়ে পড়ে। পরে প্রযুক্তি বিশেষজ্ঞদের সহায়তায় পেজটি পুনরুদ্ধার করা সম্ভব হয়।

তাজুল ইসলাম বলেন, এ হামলার পেছনে একটিই উদ্দেশ্য কাজ করছে-বিচার প্রক্রিয়ায় উপস্থাপিত তথ্য ও প্রমাণ যেন জনগণ ও আন্তর্জাতিক মহলে পৌঁছাতে না পারে, তা বাধাগ্রস্ত করা। অভিযুক্ত বা তাদের সহযোগীরা স্বচ্ছ বিচারব্যবস্থাকে অকার্যকর করতে চাইলেও এসব হামলায় তারা নিরুৎসাহিত হবেন না।

অপরাধীদের উদ্দেশে তিনি আরও বলেন, আমরা প্রতিশোধ নয়, ন্যায়বিচার চাই। অপরাধীরা যতই প্রভাবশালী হোক, বিচার প্রক্রিয়া থেকে কেউ রেহাই পাবে না। আইন নিজের গতিতেই চলবে, ইন শা আল্লাহ।

প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদ ও আবদুস সোবহান তরফদারসহ রাষ্ট্রপক্ষের অন্যান্য আইনজীবীরা।

এদিকে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ২০২৪ সালের জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে। সকালে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম প্রসিকিউশনের পক্ষে যুক্তি উপস্থাপন করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত