ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিজিবির বিশেষ অভিযানে সাড়ে ৬ কোটি টাকা মূল্যের বিভিন্ন রোগের ইনজেকশন, স্মার্টফোনের ডিসপ্লে ও পেঁয়াজের বীজ জব্দ করা হয়েছে। শনিবার রাতে উপজেলার চান্দুরা ইউনিয়নের আমতলী এলাকা থেকে বিজিবির ২৫ ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে ভারতীয় চোরাই পণ্যগুলো জব্দ করে।
রোববার (১২ অক্টোবর) দুপুরে ২৫ ব্যাটালিয়নের সদর দপ্তরে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছে বিজিবি।
সংবাদ সম্মেলনে ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান রোধে বিজিবি সদস্যরা সার্বক্ষণিক তৎপর রয়েছেন। এরই অংশ হিসেবে গতকাল রাত সাড়ে ১০টায় বিজিবির একটি দল আমতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে সন্দেহভাজন একটি পিকআপ ভ্যান আটক করে তল্লাশি চালানো হয়।
এ সময় ৭ হাজার ১১৮ পিস স্মার্টফোন ডিসপ্লে, ৮ হাজার ৩১৬ পিস বিভিন্ন রোগের ইনজেকশন এবং ১৯৫ প্যাকেট পেঁয়াজের বীজ জব্দ করা হয়। জব্দকৃত ভারতীয় চোরাই পণ্যগুলোর আনুমানিক মূল্য ৬ কোটি ৫৮ লাখ ৪৯ হাজার টাকা। এগুলো কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমাসহ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
