ঝিনাইদহে সাপের কামড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, ০৩:২৪ পিএম

ঝিনাইদহের শৈলকূপায় সাপের কামড়ে হৃদয় হোসেন (১৮) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার (১২ অক্টোবর) দিবাগত রাতে শৈলকূপা উপজেলার আউশিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত হৃদয় হোসেন ওই গ্রামের মিল্টন বিশ্বাসের ছেলে। তিনি ঝিনাইদহ পলিটেকনিক ইন্সটিটিউটের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

স্বজনরা জানান, রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন কলেজছাত্র হৃদয় হোসেন। রাতের কোনো এক সময় বিষধর সাপ তাকে কামড় দেয়। পরে টের পেয়ে রাতেই তাকে উদ্ধার করে পরিবারের লোকজন শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। এরপর কুষ্টিয়ায় নেওয়ার পর সোমবার ভোরে তিনি মারা যান।

শৈলকূপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন বলেন, রাতেই ছাত্রকে হাসপাতালে আনার পর এন্টিভেনম দেওয়া হয়েছিল। এন্টিভেনম দেওয়ার পরও সুস্থ না হওয়ায় রাতেই তাকে আমরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করি।

শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, সাপের কামড়ে কলেজ শিক্ষার্থী হৃদয় হোসেনের মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি। চিকিৎসকদের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে। মৃতের পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ না পাওয়ায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত