আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোন দল সরকার গঠনের জন্য সবচেয়ে সক্ষম, তা নিয়ে ভোটারদের মধ্যে সম্প্রতি একটি জরিপ পরিচালিত হয়েছে।
ইনোভিশন কনসাল্টিং-এর দ্বিতীয় দফার প্রতিবেদনে দেখা গেছে, ভোটারদের ৪০ শতাংশ মনে করছেন বিএনপি সরকার গঠনের জন্য সবচেয়ে যোগ্য দল।
এই জরিপে নাগরিক প্ল্যাটফর্ম ‘ভয়েস ফর রিফর্ম’ ও ‘বিআরএআইএন’ সহযোগিতা করেছে। জরিপটি ২-১৫ সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন করা হয়েছিল।
সোমবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় রাজধানীর কারওয়ান বাজারে বিডিবিএল ভবনে ‘ভোটারদের সিদ্ধান্তে সামাজিক প্রেক্ষাপট ও ভিন্নতার প্রভাব’ শীর্ষক গোলটেবিল আলোচনায় এই জরিপের ফলাফল প্রকাশ করা হয়।
জরিপের ফলাফল অনুযায়ী, বিএনপির পর দ্বিতীয় অবস্থানে রয়েছে জামায়াতে ইসলামি। ভোটারদের ২৩.৩ শতাংশ মনে করছেন, আগামী সরকার গঠনের জন্য জামায়াতই যোগ্য।
আওয়ামী লীগকে সমর্থন জানিয়েছেন ১২.১ শতাংশ ভোটার। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ৩.৮ শতাংশ সমর্থন, আর অন্যান্য দলগুলোর জন্য রয়েছে ৫ শতাংশ সমর্থন।
এতে পূর্বের জরিপের সঙ্গে তুলনা করলে দেখা যায়, মার্চ মাসে বিএনপির সমর্থন ছিল ২৯.৩ শতাংশ। ওই সময়ে জামায়াতের সমর্থন ছিল ১৭.৫ শতাংশ, আওয়ামী লীগের ৬.৩ শতাংশ এবং এসসিপির ৩.৯ শতাংশ।
