বেসরকারি সংস্থা ইনোভিশন কনসালটিংয়ের সাম্প্রতিক জরিপ অনুযায়ী, ভোটারদের ভোটের পছন্দে বাংলাদেশের ৮টি বিভাগের মধ্যে ৫টিতে এগিয়ে রয়েছে বিএনপি আর ২ বিভাগে এগিয়ে জামায়াত।
রংপুরে ভোটাররা জামায়াতকে এগিয়ে রেখেছে, আর বরিশালে সাময়িকভাবে কার্যক্রমে নিষিদ্ধ আওয়ামী লীগ এগিয়ে রয়েছে, তবে এ বিভাগে বিএনপির চেয়ে জামায়াত এগিয়ে।
জরিপে ভোটাররা বিএনপিকে প্রথম পছন্দ হিসেবে রাখছেন, দ্বিতীয় অবস্থানে জামায়াত, তৃতীয় অবস্থানে আওয়ামী লীগ এবং চতুর্থ অবস্থানে এনসিপি রয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজারের বিডিবিএল ভবনে ‘ভোটারদের সিদ্ধান্তে সামাজিক প্রেক্ষাপট ও ভিন্নতার প্রভাব’ শীর্ষক গোলটেবিল আলোচনায় এই প্রতিবেদন প্রকাশ করা হয়।
জরিপের বিস্তারিত ফলাফল অনুযায়ী:
ময়মনসিংহ: বিএনপি ৪৫.৭%, জামায়াত ২৫.৮%, আওয়ামী লীগ ১৭.৩%, এনসিপি ৪.৭%। সিলেট: বিএনপি ৪৪.৭%, জামায়াত ২৯.৬%, আওয়ামী লীগ ১৪%, এনসিপি ৩.৪%। রাজশাহী: বিএনপি ৪৪.৪%, জামায়াত ৪০.৯%, আওয়ামী লীগ ৯.২%, এনসিপি ২.২%। ঢাকা: বিএনপি ৪০.৮%, জামায়াত ২৪.৩%, আওয়ামী লীগ ২৫.৮%, এনসিপি ৩.২%। চট্টগ্রাম: বিএনপি ৪১.৯%, জামায়াত ২৭.৬%, আওয়ামী লীগ ১৭.১%, এনসিপি ৭.৭%। খুলনা: বিএনপি ৪৩.৩%, জামায়াত ৩০.১%, আওয়ামী লীগ ১৮.৩%, এনসিপি ৩.৬%। রংপুর: জামায়াত ৪৩.৪%, বিএনপি ৩৬.৭%, আওয়ামী লীগ ১২.৫%, এনসিপি ১.২%। বরিশাল: আওয়ামী লীগ ৩১.৯%, জামায়াত ২৯.১%, বিএনপি ২৮.৭%, এনসিপি ৩.৯%।
জরিপটি ২ থেকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে ১০,৪১৩ ভোটারকে নিয়ে পরিচালনা করা হয়। এতে ৯,৩৯৮ জন খানা/পরিবার পর্যায়ের ভোটার এবং ১,০১৫ জন বিশ্ববিদ্যালয় পর্যায়ের ভোটার ছিলেন। ৮টি বিভাগের ৬৪টি জেলায় নমুনা সংগ্রহ করা হয়।
জরিপের দ্বিতীয় পর্বের দ্বিতীয় খণ্ডে ভোটারদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, ভারত ও পাকিস্তানের সঙ্গে সম্পর্ক, ভবিষ্যৎ সরকারের প্রতি প্রত্যাশা, দলীয় পছন্দ, অনুমোদন ও ভোট দেওয়ার সিদ্ধান্ত সম্পর্কিত বিষয় অন্তর্ভুক্ত ছিল।
গোলটেবিল আলোচনায় ফাহিম মাশরুর সঞ্চালনায় অংশ নেন ড. আসিফ শাহান, এনসিপি নেতা জ্যোতি রহমান জাকারিয়া, জামায়াত নেতা ড. নকীবুর রহমান, বাংলা আউটলুকের ড. অনন্যা রাইহান মোকতাদির এবং বেসরকারি সংস্থা ব্রেইন’র ড. শফিকুর রহমান। ইনোভিশন কনসালটিংয়ের রুবাইয়াত সারওয়ার জরিপের ফলাফল উপস্থাপন করেন। আলোচনায় সহযোগিতা করে ছিল বেসরকারি সংস্থা ব্রেইন ও ‘ভয়েস ফর রিফর্ম’।